বনানী থানার মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের অন্তর্বর্তীকালীন জামিন
Published : ১৮:০০, ১০ আগস্ট ২০২৬
জুলাই গণ–অভ্যুত্থানকালে হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বনানী থানায় করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁর জামিন আবেদনের শুনানি শেষে রুলসহ এ আদেশ দেন।
আইনজীবী মোনায়েম নবী শাহীন জানিয়েছেন, এই মামলায় জামিন পাওয়ায় খায়রুল হকের কারামুক্তিতে এখন আর কোনো আইনগত বাধা নেই। বর্তমানে তাঁর বিরুদ্ধে মোট ৯টি মামলা রয়েছে এবং এর মধ্যে ৮টিতে তিনি জামিনে আছেন।
বনানী থানার মামলায় অভিযোগ করা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর মহাখালীর সেতু ভবনের সামনে আন্দোলনকারীদের ওপর হামলা, গুলিবর্ষণ এবং ককটেল ও হাতবোমা নিক্ষেপ করা হয়। এতে উজ্জ্বল মিয়াসহ ২৫ থেকে ৩০ জন আহত হন। পরে উজ্জ্বল মিয়া বাদী হয়ে মামলা করেন।
খায়রুল হক ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২০১১ সালের ১৭ মে পর্যন্ত বাংলাদেশের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন। তাঁকে গত বছরের ২৪ জুলাই ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
হাইকোর্টের আজকের আদেশের ফলে বনানী থানার মামলাটিতেও তিনি জামিন পেলেন।

































