সরকারি অফিসের ছাদে সৌরবিদ্যুৎ, কমবে বিদ্যুৎ বিল: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সরকারি অফিসের ছাদে সৌরবিদ্যুৎ, কমবে বিদ্যুৎ বিল: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:২৮, ১৭ আগস্ট ২০২৬

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন সব দপ্তর ও সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের ব্যবহার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পরবর্তী ধাপে অন্যান্য সরকারি দপ্তরেও সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

সোমবার স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার নিয়ে আয়োজিত পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকারি অফিসগুলোর ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে একদিকে সরকারি প্রতিষ্ঠানের বিদ্যুৎ ব্যয় কমবে, অন্যদিকে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়বে। সংসদ ভবনে ইতোমধ্যে সৌরবিদ্যুতের ব্যবহার শুরু হয়েছে উল্লেখ করে তিনি জানান, ধাপে ধাপে অন্যান্য সরকারি অফিসেও এ ব্যবস্থা চালু করা হবে।

তিনি বলেন, স্থানীয় সরকারের অধীন দপ্তর ও সংস্থার প্রধান কার্যালয়গুলোতে সৌরবিদ্যুৎ চালু করা গেলে সরকারের বিদ্যুৎ ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। শুধু কেন্দ্রীয় পর্যায়ে নয়, জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের অফিসগুলোতেও পর্যায়ক্রমে এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে সৌরবিদ্যুৎ থেকে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে বলেও জানান প্রতিমন্ত্রী। এর ফলে অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দিয়ে স্থানীয় সরকারের রাজস্ব আয়ের সুযোগ তৈরি হতে পারে।

সৌরবিদ্যুৎ ব্যবহারের বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণে স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের দুজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে পৃথক দুটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এসব কমিটি ওয়ালটন, প্রাণ-আরএফএল ও গ্রামীণ শক্তির মতো সৌরবিদ্যুৎ খাতের প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে সরকারি অফিসগুলোতে সৌরবিদ্যুৎ চালুর পদ্ধতি ও সম্ভাব্য ব্যয়সহ বিভিন্ন বিষয়ে সুপারিশ করবে।

সভায় জানানো হয়, সরকারি কার্যালয়ে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে গত ১০ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ নির্দেশনা জারি করেছে। ওই নির্দেশনায় বঙ্গভবন, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিকল্পনা কমিশন ও অর্থ বিভাগে দাপ্তরিক কাজে ব্যবহৃত বিদ্যুতের সিংহভাগ সৌরবিদ্যুৎ থেকে সরবরাহের কথা বলা হয়েছে।

এদিকে সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী জানান, ব্যাটারিচালিত রিকশা বা ই-রিকশা নিয়ন্ত্রণে পৃথক বিধিমালা প্রণয়নের কাজ চলছে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ১৮০ দিনের কার্যক্রমের সংক্ষিপ্ত চিত্র তুলে ধরে তিনি আরও জানান, চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের পাঁচটি স্তরের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের।

সভায় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ
Advertisement