ঢাকায় ‘সকারামা’, ক্যানিজিয়ার সামনে গাইবে চিরকুট-আর্টসেল-নেমেসিস

ঢাকায় ‘সকারামা’, ক্যানিজিয়ার সামনে গাইবে চিরকুট-আর্টসেল-নেমেসিস ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

Published : ১৩:১১, ১৭ আগস্ট ২০২৬

ফুটবল ও সংগীতের মেলবন্ধনে ঢাকায় বসছে বিশেষ আয়োজন ‘সকারামা’। বিশ্বকাপ মাতানো সাবেক আর্জেন্টাইন তারকা ফুটবলার ক্লদিও ক্যানিজিয়াকে ঘিরে আয়োজিত এই কনসার্টে একই মঞ্চে পারফর্ম করবে দেশের জনপ্রিয় চার ব্যান্ড—চিরকুট, আর্টসেল, নেমেসিস ও অড সিগনেচার।

মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ব্যতিক্রমী এই আয়োজন। লিংক ৩ ও অ্যাফরডেবল ভেঞ্চার লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত কনসার্ট শুরু হবে বেলা ৩টা থেকে।

১৯৯০ ও ১৯৯৪ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে আলো ছড়ানো ক্লদিও ক্যানিজিয়া ‘সকারামা’র প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন। তার সামনে পারফর্ম করার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে অংশগ্রহণকারী ব্যান্ডগুলো।

সামাজিক যোগাযোগমাধ্যমে চিরকুট জানিয়েছে, ১৯৯০ ও ১৯৯৪ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করা আর্জেন্টাইন সুপারস্টার ক্যানিজিয়া ঢাকায় আসছেন। মাঠে তার দৃঢ়তা ও দাপুটে উপস্থিতির কথা স্মরণ করে ব্যান্ডটি জানিয়েছে, এই কিংবদন্তির সামনে পারফর্ম করতে পেরে তারা রোমাঞ্চিত।

বিশ্ব ফুটবলের এই তারকাকে উদযাপন করতেই ‘সকারামা’র আয়োজন বলে জানিয়েছে চিরকুট।

অন্যদিকে অড সিগনেচার জানিয়েছে, ফুটবল ও সংগীতের এই বিশেষ মেলবন্ধন দিনটিকে উৎসবমুখর করে তুলবে। ক্যানিজিয়ার উপস্থিতি আয়োজনটির অন্যতম বড় আকর্ষণ বলেও উল্লেখ করেছে ব্যান্ডটি। দর্শকদের এই স্মরণীয় উদযাপনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছে তারা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম ‘টিকিফাই’-এ ইতোমধ্যে কনসার্টের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।

দর্শকদের জন্য রাখা হয়েছে তিন ধরনের টিকিট। সিলভার ক্যাটাগরির টিকিটের দাম ২ হাজার টাকা, গোল্ড ৩ হাজার টাকা এবং প্লাটিনাম ক্যাটাগরির টিকিটের দাম ১০ হাজার টাকা।

বিষয়ঃ
শেয়ার করুনঃ
Advertisement