চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের পাঁচ স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের পাঁচ স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী ছবি: সংগৃহীত

সাভার প্রতিনিধি

Published : ১৩:৪৬, ১৮ আগস্ট ২০২৬

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের পাঁচ স্তরের নির্বাচন আয়োজন ও সম্পন্ন করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের নির্বাচন আয়োজনে সরকারের প্রায় ৬ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ভাঙা ব্রিজ এলাকায় সৌন্দর্যবর্ধন ও বৃক্ষরোপণ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকারের পাঁচ স্তরের নির্বাচন আয়োজনের জন্য বাজেটে অর্থ বরাদ্দ রয়েছে। নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে অনুরোধ করা হয়েছে। প্রস্তুতি শেষ হলে অর্থ বিভাগ, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন যৌথভাবে বৈঠক করে কোন নির্বাচন আগে এবং কোনটি পরে হবে, তা অগ্রাধিকার ভিত্তিতে নির্ধারণ করবে।

তিনি বলেন, “চলতি অর্থবছরের মধ্যেই সব নির্বাচন সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। চলতি অর্থবছরেই সব কটি নির্বাচন সম্পন্ন করা হবে, ইনশাআল্লাহ।”

‘২০ বছরে টেকসই কাজ হয়নি’

গত ২০ বছরের উন্নয়ন কর্মকাণ্ডের সমালোচনা করে মীর শাহে আলম বলেন, বিগত ২০ বছরে দেশে কোনো টেকসই কাজ হয়নি। মনোযোগ ছিল কেবল মেগা প্রকল্প ও মেগা দুর্নীতির দিকে।

তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর সরকার একটি ভঙ্গুর অর্থনীতি ও ভঙ্গুর ব্যবস্থার মধ্য দিয়ে দেশ পরিচালনার কাজ শুরু করেছে।

গত ছয় মাসের সরকারের কার্যক্রম প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, রাতারাতি অলৌকিক কোনো পরিবর্তনের দাবি তারা করছেন না। গত ছয় মাসের কাজে সরকার সন্তুষ্ট বা অসন্তুষ্ট—কোনোটিই নয়; বরং নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সড়কের পাশে ঘাস রোপণের নির্দেশনা

পরিবেশ সংরক্ষণ ও ব্যয় সংকোচনে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বিভিন্ন বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখছেন। সম্প্রতি রেল, সড়ক, পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় সরকার ও ত্রাণ বিভাগ নিয়ে তিনি বৈঠক করেছেন।

রাস্তার দুই পাশে দূর্বা ঘাস রোপণের বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। তার মতে, রাস্তার পাশে ঘাস লাগানো হলে বৃষ্টির পানিতে মাটি ধসে পড়া রোধ করা সম্ভব হবে। এতে ব্লক ব্যবহারের মতো ব্যয়বহুল ব্যবস্থার প্রয়োজনও কমবে।

পরিদর্শনকালে ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ
Advertisement