বিআরটিএর কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নবায়নে বাড়ল সময়

বিআরটিএর কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নবায়নে বাড়ল সময় ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:৩৯, ৫ সেপ্টেম্বর ২০২৬

জরিমানা ছাড়াই মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময় আরও বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর পর্যন্ত মূল কর ও নির্ধারিত ফি পরিশোধ করে এসব সেবা নেওয়া যাবে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে গাড়ির ফিটনেস সনদ, ট্যাক্স-টোকেন, রুট পারমিটসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জরিমানা ছাড়াই নবায়ন করা যাবে। একই সুবিধার আওতায় ড্রাইভিং লাইসেন্সও হালনাগাদ করা যাবে।

বিআরটিএ বলেছে, এটি গ্রাহকদের জন্য শেষ সুযোগ। তাই নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট মোটরযান মালিক ও চালকদের প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিক্রির পর মালিকানা পরিবর্তনে কঠোরতা
এদিকে মোটরযান বিক্রি করার পর মালিকানা পরিবর্তন না করার বিষয়েও সতর্ক করেছে বিআরটিএ। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ২১ ধারা অনুযায়ী, গাড়ি বিক্রির পর নতুন মালিকের নামে মালিকানা পরিবর্তন করা বাধ্যতামূলক।

তবে অনেক ক্ষেত্রে গাড়ি বিক্রির পরও ক্রেতা মালিকানা পরিবর্তন না করেই সেটি ব্যবহার করছেন। এর ফলে গাড়িটির আগের মালিককে বিভিন্ন ধরনের আইনগত ও আর্থিক সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মালিকানা পরিবর্তন না হলে সংশ্লিষ্ট গাড়ির জন্য নির্ধারিত অগ্রিম আয়কর, প্রযোজ্য ক্ষেত্রে ১৫০ শতাংশ অগ্রিম আয়কর এবং পরিবেশ সারচার্জের দায় পুরনো মালিকের ওপর পড়তে পারে। এতে গাড়ি বিক্রেতাকে অপ্রত্যাশিত আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।

অনলাইনে আবেদন, একই দিনে মালিকানা পরিবর্তন
মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া সহজ ও দ্রুত করার উদ্যোগের কথাও জানিয়েছে বিআরটিএ। বর্তমানে BSP পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করার পর বিক্রেতার উপস্থিতিতে হ্যান্ড-হেল্ড ডিভাইস ব্যবহার করে বায়োমেট্রিক যাচাই করা হচ্ছে।

বিআরটিএর তথ্য অনুযায়ী, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে একই দিনেই মালিকানা পরিবর্তনের কার্যক্রম শেষ করা সম্ভব হচ্ছে। পাশাপাশি নতুন মালিক ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য প্রয়োজনীয় বায়োমেট্রিক তথ্যও দিতে পারবেন।

তাই গাড়ি কেনাবেচার পর দ্রুত মালিকানা পরিবর্তনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে বিআরটিএ। নিয়ম না মানলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

ড্রাইভিং লাইসেন্সে পয়েন্ট কর্তন শুরু
সড়ক পরিবহন আইন, ২০১৮ বাস্তবায়নে আরও একটি পদক্ষেপ হিসেবে চালকদের ড্রাইভিং লাইসেন্সের দোষসূচক পয়েন্ট কর্তন কার্যক্রমও শুরু করেছে বিআরটিএ।

আইনের ধারা ১১(১) অনুযায়ী, প্রতিটি ড্রাইভিং লাইসেন্সের বিপরীতে মোট ১২টি পয়েন্ট বরাদ্দ থাকে। কোনো চালক আইন ভঙ্গ করলে সংশ্লিষ্ট অপরাধের জন্য অর্থদণ্ড বা কারাদণ্ডের পাশাপাশি লাইসেন্স থেকে নির্ধারিত সংখ্যক দোষসূচক পয়েন্ট কেটে নেওয়া হবে।

বিআরটিএ জানিয়েছে, সড়ক পরিবহন আইন কার্যকর করার পাশাপাশি চালকদের আরও দায়িত্বশীল ও আইন মেনে গাড়ি চালাতে উৎসাহিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement