জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী
Published : ১৮:০৩, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে অবস্থান শেষে ২৬ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে তার।
রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
তিনি জানান, যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নতুন ভিশন ও অগ্রাধিকারগুলো তুলে ধরবেন তিনি।
সফরকালে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর একাধিক দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে। জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক ও কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে তার। এসব বৈঠকে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে কি না—এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, সফরের মূল উদ্দেশ্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়া ও সেখানে বক্তব্য দেওয়া। এর বাইরে সাইডলাইনে বিভিন্ন বৈঠক হতে পারে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের বৈঠকের অনেক সিদ্ধান্ত শেষ মুহূর্তে চূড়ান্ত হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে যাওয়ার পর কার কার সঙ্গে বৈঠক হবে, তা চূড়ান্ত হলে গণমাধ্যমকে জানানো হবে।




























