রুমায় কিশোরীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

রুমায় কিশোরীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ প্রতিকি ছবি সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:৫৬, ১৩ সেপ্টেম্বর ২০২৬

বান্দরবানের রুমা উপজেলায় এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে আসামি করে মামলা দায়েরের পর একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার পাইন্দু ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তংমক পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কিশোরীর অভিযোগ, প্রায় চার মাস আগে মা-বাবা বাড়িতে না থাকার সুযোগে একই এলাকার বাসিন্দা ক্যসিংনু মার্মা তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে ক্যসিংনু মার্মার বন্ধু উহাইমং মার্মা, সিংহ্লা মার্মা ও উশৈনু মার্মা ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময়ে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেছে কিশোরী।

ভুক্তভোগীর ভাষ্য, লোকলজ্জা ও মানসম্মানের ভয়ে এতদিন পরিবারের কাউকে বিষয়টি জানায়নি। পরে অভিযুক্তরা তাকে গর্ভপাত করানোর পর ঘটনাটি পরিবারের কাছে জানায় সে। এরপর গত ৮ সেপ্টেম্বর চিকিৎসার জন্য প্রথমে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয় কিশোরীকে।

এ ঘটনায় রোববার (১৩ সেপ্টেম্বর) ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে রুমা থানায় চারজনকে আসামি করে ধর্ষণের মামলা করা হয়। পরিবারের দাবি, অভিযুক্তরা কিশোরীকে জিম্মি করে একাধিকবার ধর্ষণ করেছে।

বান্দরবানের পুলিশ সুপার মোহাম্মদ ওহাবুল ইসলাম খন্দকার বলেন, প্রায় চার মাস আগে রুমা উপজেলায় এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। মামলার ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement