আসিফ নজরুলের দুই ছাগলই খাওয়া উচিত ছিল: পাটওয়ারী

আসিফ নজরুলের দুই ছাগলই খাওয়া উচিত ছিল: পাটওয়ারী ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:০৮, ১৩ সেপ্টেম্বর ২০২৬

সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের পোষা ছাগল চুরির ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র নাসীরুদ্দীন পাটওয়ারী মন্তব্য করেছেন, ছাগল দুটি খাওয়া উচিত ছিল। একটি ছাগল না খাওয়ায় সংশ্লিষ্টদের ধিক্কারও জানিয়েছেন তিনি।

পাটওয়ারী বলেন, ‘আসিফ নজরুলের ছাগল একটা খাওয়া হয়েছে, দুইটাই খাওয়া উচিত ছিল। একটা না খাওয়াতে আমি তাদের ধিক্কার জানাচ্ছি।’ তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকারের সময় আসিফ নজরুল গরু, ছাগল ও মুরগি পালন শুরু করেছিলেন এবং সেগুলোর জায়গায় পুলিশের নিরাপত্তাও ছিল।

তিনি আরও বলেন, যারা ছাগলটি খেয়েছে, তাদের সুযোগ পেলে আরেকটি ছাগল খাওয়ার কথা বলেছেন। একই সঙ্গে তার বক্তব্যকে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে বলেও দাবি করেন এনসিপির এই নেতা।

এর আগে ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে নিজের ছোট মেয়ের পোষা ছাগল চুরির ঘটনা নিয়ে কথা বলেন আসিফ নজরুল। তিনি ঘটনাটিকে তার জীবনের অন্যতম হৃদয়বিদারক ঘটনা হিসেবে বর্ণনা করেন।

আসিফ নজরুল জানান, হেয়ার রোডের সরকারি বাসায় একা থাকার সময় সাড়ে ৯ বছরের ছোট মেয়ের সঙ্গী হিসেবে ছাগলটি কিনে দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে ছাগলটির সঙ্গে মেয়ের গভীর সম্পর্ক তৈরি হয়। প্রতিদিন মেয়েটির স্কুল থেকে ফেরার অপেক্ষায় থাকত ছাগলটি এবং স্কুল থেকে ফিরে তার সঙ্গে খেলাধুলা করত। এমনকি মেয়েটির ফোনের ওয়ালপেপারেও মায়ের ছবির পরিবর্তে ছাগলটিকে জড়িয়ে ধরা ছবি ছিল।

ছাগলটি চুরি হওয়ার পর মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়ে বলে জানান আসিফ নজরুল। তার ভাষ্য, মেয়েটি কাঁদতে কাঁদতে বমি করে এবং টানা দেড় দিন কিছু না খেয়ে অসুস্থ হয়ে পড়ে।

আসিফ নজরুল আরও বলেন, ঘটনাটি রাজনৈতিক প্রতিশোধ হিসেবে প্রচার করা হলেও মূলত মজা করার জন্যই ছাগলটি নিয়ে যাওয়া হয়েছিল। তবে একটি শিশুর পোষা প্রাণী চুরি করে খেয়ে ফেলার ঘটনাকে তিনি নির্মম ও অমানবিক বলে উল্লেখ করেন। ছাত্রনেতাদের রাজনৈতিক শত্রুতা বা প্রতিবাদের অংশ হিসেবে ছাগলটি চুরি করে খাওয়ার বিষয়টিও তিনি সঠিক নয় বলে দাবি করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের শেষ দিকে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা থাকাকালে হেয়ার রোডের সরকারি বাংলো থেকে আসিফ নজরুলের ছোট মেয়ের পোষা ছাগল উধাও হওয়ার ঘটনা দেশজুড়ে ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি করেছিল।

শেয়ার করুনঃ
Advertisement