ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনভর একাধিক কর্মসূচি

ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনভর একাধিক কর্মসূচি ফেনীর উদ্দেশে যাত্রা শুরু করেছেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১০:০০, ১ অক্টোবর ২০২৬

ফেনীর উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৮টা ৪০ মিনিটে গুলশানের বাসভবন থেকে সড়কপথে পরশুরামের উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ফেনীতে এটিই তারেক রহমানের প্রথম সফর। দিনব্যাপী সফরে তিনি পরশুরাম ও ফুলগাজীতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

সফরসূচি অনুযায়ী, দুপুর সাড়ে ১২টায় পরশুরাম উপজেলার ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর স্থানীয় জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

দুপুর দেড়টায় ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এরপর দুপুর ২টায় ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন।

বিকেল ৩টায় ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী প্রদান অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেলে সড়কপথে ঢাকার উদ্দেশে ফেনী ছাড়ার কথা রয়েছে তাঁর।

ফেনী প্রধানমন্ত্রীর নানার বাড়ির এলাকা। তাঁর মা, প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ফেনী-১ আসন থেকে ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

এর আগে গত ২৫ জানুয়ারি চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ফেনীর পাইলট স্কুল মাঠে এক নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়েছিলেন তারেক রহমান।

শেয়ার করুনঃ
Advertisement