কুমিল্লায় তারেক রহমানকে ঘিরে জনসমাগম
Published : ১৩:২৮, ১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ফেনী সফরে যাওয়ার পথে কুমিল্লায় ব্যাপক জনসমাগমের মুখে পড়েছেন তারেক রহমান। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সকাল থেকেই মানুষ জড়ো হয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহরকে স্বাগত জানান।
বৃহস্পতিবার সকালে ঢাকার গুলশানের বাসা থেকে সড়কপথে ফেনীর উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। দাউদকান্দি সেতু পার হয়ে কুমিল্লায় প্রবেশের পর আলেখারচরসহ মহাসড়কের বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকে সড়কের দুই পাশে অবস্থান করতে দেখা যায়।
দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত বিভিন্ন মোড়ে ব্যানার-ফেস্টুন নিয়ে অপেক্ষায় ছিলেন নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীর গাড়িবহর ওই এলাকাগুলো অতিক্রম করার সময় অনেকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
কুমিল্লার নিমসার পয়েন্টেও বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। স্থানীয় বিএনপি নেতারা জানান, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ মহাসড়কের পাশে অবস্থান নেন।
এদিকে ফেনীতে একদিনের সফরে একাধিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সফরের শুরুতে পরশুরামের ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৫৪২ কোটি টাকা।
এরপর ফুলগাজীতে বৃক্ষরোপণ ও রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিকেলে ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠের অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মানী দেওয়ার কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।
দিনব্যাপী কর্মসূচি শেষে সড়কপথে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।































