সাত শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল- শিবির সংঘর্ষ, আহত শতাধিক

সাত শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল- শিবির সংঘর্ষ, আহত শতাধিক ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি প্রতিবেদক

Published : ১১:০০, ৫ আগস্ট ২০২৬

রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ অন্তত ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রসংগঠনগুলোর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সংঘটিত এসব ঘটনায় শতাধিক শিক্ষার্থী ও কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সবচেয়ে বড় সংঘর্ষের ঘটনা ঘটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি সেমিনারে প্ল্যাকার্ড নিয়ে প্রবেশকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু), জাতীয় ছাত্রশক্তি, ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তা দফায় দফায় সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে জকসুর ভিপি মো. রিয়াজুল, ছাত্রশক্তির সভাপতি শাহিন মিয়া, সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ, ছাত্রশিবির সভাপতি আব্দুল আলিম আরিফসহ অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। কয়েকজন সাংবাদিকও হামলার শিকার হন। আহতদের ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। উপাচার্য ড. রইছ উদ্দীন জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যপ্রমাণ বিশ্লেষণ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে আহতদের হাসপাতালে নেওয়ার পর ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল এলাকাতেও ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটে।

একই দিনে ঢাকা কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হন। দুই সংগঠনই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজ ক্যাম্পাস, নিউমার্কেট ও সায়েন্স ল্যাব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

সরকারি আলিয়া মাদ্রাসায় আবাসিক হলের সিট দখলকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের একাধিক নেতাকর্মী আহত হন। পরে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা হলে প্রবেশ করলে ভাঙচুরের ঘটনাও ঘটে। আহতদের কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ছাড়া কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং গ্রাফিক আর্টস ইনস্টিটিউটেও ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। গ্রাফিক আর্টস ইনস্টিটিউটে হল থেকে ছাত্রশিবিরের কয়েকজন কর্মীকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে।

রাজধানীর বাইরে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ছাত্রশিবিরের কর্মীদের মারধর করে ছাত্রাবাস থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। অন্যদিকে আগের দিন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও দুই সংগঠনের সংঘর্ষে কয়েকজন আহত হন।

দিনভর সংঘর্ষের ঘটনায় ছাত্রদল, ছাত্রশিবির, জকসু ও জাতীয় ছাত্রশক্তি পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার পৃথক এক বিবৃতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ঢাকা আলিয়া মাদ্রাসা ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছেন।

শেয়ার করুনঃ
Advertisement