জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন প্রায় চূড়ান্ত, থাকছেন যারা

জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন প্রায় চূড়ান্ত, থাকছেন যারা জামায়াত ইসলামীর লোগো

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১০:১৭, ২৫ আগস্ট ২০২৬

জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের আমির ডা. শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী করে একটি ‘ছায়া মন্ত্রিসভা’ বা শ্যাডো ক্যাবিনেট গঠন করেছে বলে জানিয়েছে দলটি। এতদিন কার্যক্রমটি আড়ালে রাখা হলেও শিগগিরই সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দলীয় নেতারা।

সোমবার, ২৪ আগস্ট রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, দল ইতোমধ্যে ছায়া মন্ত্রিসভা গঠন করেছে এবং এর সদস্যদের প্রশিক্ষণ চলছে। উপযুক্ত সময়ে সদস্যদের নাম প্রকাশ করা হবে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান আইনজীবী এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দলের নির্বাহী কমিটির সিদ্ধান্তে গত মাসে ছায়া মন্ত্রিসভা গঠন করা হয়েছে। দলের শীর্ষ নেতাদের পাশাপাশি সংসদ সদস্য নন—এমন কয়েকজন জ্যেষ্ঠ নেতাও এতে যুক্ত আছেন।

দলীয় সূত্রের দাবি অনুযায়ী, স্থানীয় সরকারবিষয়ক ছায়া মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। পররাষ্ট্রবিষয়ক দায়িত্বে রয়েছেন বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং স্বরাষ্ট্রবিষয়ক দায়িত্বে সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন অর্থবিষয়ক দায়িত্ব পেয়েছেন বলেও দলীয় সূত্র জানিয়েছে।

জামায়াতের ভাষ্য, সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের কর্মকাণ্ড পর্যবেক্ষণ, সরকারি সিদ্ধান্তের বিকল্প নীতিপ্রস্তাব তৈরি এবং সংসদে সরকারের জবাবদিহি নিশ্চিত করতেই এ ছায়া মন্ত্রিসভা গঠন করা হয়েছে।

দলের কয়েকজন নেতা জানান, সদস্যরা এরই মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম, বাজেট এবং সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রম পর্যালোচনার কাজ শুরু করেছেন। প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে একজন ছায়া মন্ত্রী এবং সংশ্লিষ্ট বিষয়ে একটি করে টিম কাজ করবে। প্রয়োজন হলে উপমন্ত্রী পর্যায়েও দায়িত্ব বণ্টন করা হবে।

জামায়াতের শীর্ষ আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, গঠনমূলক গণতান্ত্রিক রাজনীতির চর্চা রয়েছে এমন দেশগুলোতে বিরোধী দল সরকারের মন্ত্রিসভার সমান্তরালে ছায়া মন্ত্রিপরিষদ গঠন করে। এর মাধ্যমে মন্ত্রণালয়ের কর্মকাণ্ড পর্যবেক্ষণ, গঠনমূলক সমালোচনা এবং প্রয়োজনীয় নীতিগত সহযোগিতার সুযোগ তৈরি হয়।

রাজনৈতিক বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. স ম আলী রেজা বলেন, সংসদীয় গণতন্ত্রে ছায়া মন্ত্রিসভা প্রতিষ্ঠিত একটি ধারণা। এটি সরকারকে জবাবদিহির চাপের মধ্যে রাখে এবং বিরোধী দলকে বিকল্প বাজেট ও নীতিপ্রস্তাব উপস্থাপনের প্রাতিষ্ঠানিক সুযোগ দেয়।

সূত্র: আগামীর সময়

শেয়ার করুনঃ
Advertisement