বিরোধীদলকে সহিংস না হয়ে জনগণের প্রয়োজনে রাজপথে থাকার পরামর্শ সম্পাদকদের

বিরোধীদলকে সহিংস না হয়ে জনগণের প্রয়োজনে রাজপথে থাকার পরামর্শ সম্পাদকদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সম্পাদকদের বৈঠক। ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি প্রতিবেদক

Published : ১১:২৩, ২৫ আগস্ট ২০২৬

গণতন্ত্রের উত্তরণে বিরোধী দলের দায়িত্বশীল ভূমিকা পালনে সহযোগিতা করতে জাতীয় দৈনিকের সম্পাদকদের সহায়তা চেয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। অন্যদিকে বিরোধী দলকে সহিংসতা এড়িয়ে গঠনমূলক ও নিয়মতান্ত্রিক বিরোধিতার পথে থাকার পরামর্শ দিয়েছেন বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদকরা।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জাতীয় দৈনিকগুলোর সম্পাদকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা উঠে আসে।

সভায় শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী সংসদকে কার্যকর করতে চায় এবং সংসদকেই সব রাজনৈতিক কর্মকাণ্ডের মূল কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। তিনি বলেন, তারা একটি কার্যকর ও দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করতে চান। তবে এজন্য সরকারকেও দায়িত্বশীল আচরণ করতে হবে।

তিনি আরও বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমান সরকারকে সহযোগিতা করছে জামায়াত। তবে সেই সহযোগিতা কতদিন এবং কতদূর থাকবে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়াকে তিনি একটি প্রতিবাদ হিসেবেও উল্লেখ করেন।

মতবিনিময় শেষে সংবাদ ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সংসদের ভেতরে ও বাইরে বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীর ভূমিকা তুলে ধরেছেন বিরোধীদলীয় নেতা।

তিনি বলেন, ভালো কাজে সরকারকে সহযোগিতা এবং জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ—এই নীতিতে জামায়াত এগোচ্ছে। তবে তাদের বিরোধিতা হবে গঠনমূলক ও নিয়মতান্ত্রিক।

গোলাম পরওয়ার জানান, বাংলাদেশের বর্তমান রাজনীতি, আন্তর্জাতিক ভূরাজনৈতিক পরিস্থিতি এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক নিয়েও সম্পাদকদের সঙ্গে প্রশ্নোত্তর ও মতবিনিময় হয়েছে। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের বিষয়ে ১১ দলীয় ঐক্যের বৈঠকে যে নীতি নিয়ে আলোচনা হয়েছে, সেটিই জামায়াতের অবস্থান বলে জানান তিনি।

বিভিন্ন সম্পাদক বিরোধী দলকে রাজপথে সহিংসতা ও অস্থিতিশীলতা এড়িয়ে জনগণের দাবি নিয়ে গঠনমূলকভাবে কাজ করার পরামর্শ দিয়েছেন বলেও জানান গোলাম পরওয়ার। প্রয়োজনে আলোচনা ও নিয়মতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে রাজপথে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি বলেন, সম্পাদকরা আগের বিরোধী দলগুলোর মতো অসহিষ্ণু, অস্থিতিশীল বা সহিংস কোনো পথে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে সুযোগ পেলে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা তাদের মতামত জানাবেন বলেও জানিয়েছেন।

সভায় সংসদে সরকারি ও বিরোধী দলের এমপিদের মধ্যে উন্নয়ন বরাদ্দ, বিলি-বণ্টন এবং সংসদে বক্তব্য দেওয়ার সুযোগের ক্ষেত্রে বৈষম্যের অভিযোগও তুলে ধরা হয়। পাশাপাশি বিদ্যুৎ ও গ্যাস সংকট, গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য এবং প্রবাসীদের অধিকার নিয়েও জামায়াতের অবস্থান তুলে ধরা হয়।

গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ে গোলাম পরওয়ার বলেন, ১১ দলীয় ঐক্য তথা জামায়াতে ইসলামী এ বিষয়ে কোনো ছাড় দেবে না। জনগণের রায়ের সঙ্গে তারা রয়েছে। সংসদে বিষয়টির নিষ্পত্তি হলে ভালো, অন্যথায় জনগণের অবস্থানের সঙ্গে তারা থাকবে বলে মন্তব্য করেন তিনি।

মতবিনিময় সভায় বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক ও শীর্ষ পর্যায়ের সাংবাদিকরা অংশ নেন। জামায়াত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলটির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা।

শেয়ার করুনঃ
Advertisement