হঠাৎ অসুস্থ গাজী নজরুল: হাসপাতাল ছাড়ার পর যা জানা গেল

হঠাৎ অসুস্থ গাজী নজরুল: হাসপাতাল ছাড়ার পর যা জানা গেল ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১০:৫৯, ২৪ আগস্ট ২০২৬

হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত নেতা গাজী নজরুল ইসলাম। চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরেছেন এবং তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছে পরিবার।

রোববার (২৩ আগস্ট) মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে তার এনজিওগ্রাম করা হয়। তবে এ পরীক্ষার প্রতিবেদন তখনও পাওয়া যায়নি বলে স্বজনেরা জানিয়েছেন।

গাজী নজরুল ইসলামের নিকটাত্মীয় হাসানুজ্জামান জানান, ৭৯ বছর বয়সী এই সংসদ সদস্য দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছেন। তার হৃদযন্ত্রে আগে থেকেই দুটি রিং পরানো রয়েছে।

পরিবারের ভাষ্য অনুযায়ী, কয়েক দিন ধরে তিনি বুকে অস্বস্তি অনুভব করছিলেন। গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে যাওয়ার সময় তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা, শারীরিক পরীক্ষা ও ইসিজি করা হয়।

বর্তমানে তিনি চিকিৎসক মোহাম্মদ বদিউজ্জামানের তত্ত্বাবধানে রয়েছেন। তার পূর্বের হৃদরোগের ইতিহাস বিবেচনায় রেখে প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণ চলছে বলে জানিয়েছে পরিবার।

গত জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে বিতর্কিত ভিডিও ছড়িয়ে পড়ার পর জামায়াতে ইসলামী সাংগঠনিক তদন্ত শুরু করে। পরে ২২ জুলাই দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়। দলীয় সূত্র সে সময় জানায়, তদন্তে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠনতন্ত্র অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গাজী নজরুল ইসলাম বর্তমানে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

শেয়ার করুনঃ
Advertisement