নভেম্বরে ৫ হাজার ইউনিয়নে একক চেয়ারম্যান প্রার্থী ঘোষণা: সারজিস
Published : ১২:৫০, ২৫ আগস্ট ২০২৬
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী নভেম্বরের মধ্যে দেশের ৫ হাজার ইউনিয়নে একক চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম। একই সঙ্গে ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে ৫ হাজার ইউনিয়নে এবং ২০২৭ সালের জুনের মধ্যে দেশের প্রতিটি ওয়ার্ড ও অঙ্গ-সহযোগী সংগঠনে আহ্বায়ক কমিটি গঠনের পরিকল্পনার কথাও জানান তিনি।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম নগরের স্টেশন রোড এলাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সারজিস আলম। এনসিপি চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়েবের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।
সারজিস আলম বলেন, বর্তমান রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ধরনের রাজনৈতিক আচরণ দেখা যাচ্ছে, ভবিষ্যতে তার চেয়েও বেশি ‘ফ্যাসিবাদী আচরণ’ প্রকাশ পাওয়ার আশঙ্কা রয়েছে। তাই নির্বাচনের পর এনসিপির প্রধান লক্ষ্য হবে দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করা।
তিনি বলেন, ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে দেশের ৫ হাজার ইউনিয়নে এবং ২০২৭ সালের জুনের মধ্যে প্রতিটি ওয়ার্ড ও অঙ্গ-সহযোগী সংগঠনে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন করা হবে।
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নভেম্বরের মধ্যেই ৫ হাজার ইউনিয়নে দলের একক চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করা হবে বলেও জানান তিনি। তার ভাষ্য অনুযায়ী, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তথ্য অনুসারে ডিসেম্বর-জানুয়ারিতে ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে পারে।
এনসিপির ব্যানারে আগামী নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের দলীয় কার্যক্রমে যুক্ত হওয়ার আহ্বান জানান সারজিস আলম। তিনি সম্ভাব্য প্রার্থীদের সংগঠিত হয়ে দলের কমিটিতে যুক্ত হওয়ার পাশাপাশি দলের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।
চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে ক্ষোভ
চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা ও সড়কের বেহাল দশা নিয়েও কথা বলেন সারজিস আলম।
তিনি অভিযোগ করেন, বর্ষা শেষ হলে মেয়র, সংসদ সদস্য ও প্রশাসনের কাছে জলাবদ্ধতার বিষয়টি আর গুরুত্ব পায় না। পরবর্তী বর্ষা এলে আবার লোকদেখানো কর্মকাণ্ডের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়।
চট্টগ্রামের জলাবদ্ধতা ও সড়কের সমস্যা সমাধানে বিএনপির নেতৃত্বাধীন সরকারের কাছে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
সারজিস আলম বলেন, নগরের রাস্তাঘাট ও আবাসিক এলাকার বর্তমান পরিস্থিতিতে অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার চেয়ে অনেক সময় ঘরে থাকাই নিরাপদ মনে হয়। দ্রুত চট্টগ্রামকে একটি উন্নত ও আধুনিক নগরীতে রূপান্তরের জন্য কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, জাতীয় যুব শক্তির সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল, জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক আবু বকর মজুমদার, সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ এবং এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজাউদ্দিনসহ দলটির নেতারা উপস্থিত ছিলেন।































