‘সরকার ব্যর্থ হয়েছে’ এটা বিরোধী দলের ঢালাও মন্তব্য: রিজভী

‘সরকার ব্যর্থ হয়েছে’ এটা বিরোধী দলের ঢালাও মন্তব্য: রিজভী ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি প্রতিবেদক

Published : ২০:৫৪, ২৬ আগস্ট ২০২৬

দায়িত্ব গ্রহণের ১৮০ দিনের মূল্যায়নে সরকার ‘ব্যর্থ হয়েছে’—বিরোধী দলের এমন মন্তব্যকে ঢালাও বক্তব্য বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, সরকারের ব্যর্থতা নিয়ে বিরোধী দলের পক্ষ থেকে যেসব মন্তব্য করা হচ্ছে, তা যথার্থ নয়। বিরোধী দল স্বাভাবিকভাবেই সরকারের সমালোচনা করে। তবে সরকারের কর্মকাণ্ড ও বিভিন্ন খাতের অগ্রগতি নিয়ে অর্থনৈতিক প্রতিষ্ঠান ও গবেষণা সংস্থাগুলোর প্রকাশিত তথ্য-উপাত্ত বিবেচনায় নেওয়া উচিত।

তিনি বলেন, এসব গবেষণা ও পরিসংখ্যান উপেক্ষা করে করা ঢালাও মন্তব্যের জবাব দেওয়ার প্রয়োজন নেই। সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন ক্ষেত্রে কতটুকু অগ্রগতি হয়েছে, তা তথ্য ও পরিসংখ্যানের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরা হচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও সরকারের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তথ্য প্রকাশ করা হয়েছে।

রিজভী জানান, বিএনপি সরকার নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ২৫ কোটি বৃক্ষরোপণ এবং খাল খননের মতো বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব কর্মসূচিকে ঘিরে দেশজুড়ে কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান তিনি।

এসব কর্মসূচি নিয়ে কেউ কেউ উপহাস বা সমালোচনা করলেও সরকারের কাজের সততা জনগণের কাছে স্পষ্ট হয়েছে বলে দাবি করেন বিএনপির এই নেতা। একই সঙ্গে বিএনপি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জনপ্রিয়তা বিভিন্ন জরিপে উঠে এসেছে বলেও মন্তব্য করেন তিনি।

শরীয়তপুরে তিন সাংবাদিককে মারধরের ঘটনা প্রসঙ্গে রিজভী বলেন, বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর সকাল ৯টায় দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন।

আগামী ৫ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ ছাড়া মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করবে দলটি।

আরও কিছু কর্মসূচি প্রাথমিকভাবে নেওয়া হয়েছে জানিয়ে রিজভী বলেন, দলের চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে এসব কর্মসূচির তারিখ ও বিস্তারিত পরবর্তী সময়ে জানানো হবে।

শেয়ার করুনঃ
Advertisement