আওয়ামী লীগ ‘পচন ধরা’ ও পরিবারকেন্দ্রিক দলে পরিণত হয়েছে: সোহেল তাজ
Published : ১২:৫০, ২৯ আগস্ট ২০২৬
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন, আওয়ামী লীগ একটি ‘পচন ধরা’ ও পরিবারকেন্দ্রিক দলে পরিণত হয়েছে। দলটি রাজনীতিতে কার্যকরভাবে ফিরতে চাইলে আত্মসমালোচনা, অনুশোচনা এবং ভেতর থেকে পরিবর্তনের উপলব্ধি জরুরি বলেও মন্তব্য করেছেন তিনি।
সম্প্রতি একটি বেসরকারি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
সোহেল তাজ বলেন, আওয়ামী লীগের কাছ থেকে পরিবর্তনের বাস্তব উপলব্ধি তিনি দেখছেন না। তাঁর ভাষ্য, দলের ভেতরের পচন চিহ্নিত করে তা দূর করার মানসিকতা তৈরি না হলে কোনো পরিবর্তন সম্ভব নয়।
তিনি বলেন, একটি রাজনৈতিক দল কারও ব্যক্তিগত সম্পত্তি হতে পারে না। দলের নিজস্ব নীতি, আদর্শ ও গণতান্ত্রিক চর্চা থাকা প্রয়োজন।
সোহেল তাজ আরও দাবি করেন, মুক্তিযুদ্ধের চেতনা দীর্ঘদিন রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহৃত হয়েছে এবং গত ১৫ বছরে নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে মুক্তিযুদ্ধের প্রকৃত তাৎপর্য ক্ষতিগ্রস্ত হয়েছে।
আওয়ামী লীগের ভবিষ্যৎ ও রাজনীতিতে প্রত্যাবর্তনের বিষয়ে তিনি বলেন, দলটিকে আত্মউপলব্ধি ও আত্মসমালোচনার পথেই এগোতে হবে।































