আষাড়িয়ারচর ব্রিজ সংস্কারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট
Published : ১২:৪৩, ২৯ আগস্ট ২০২৬
নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজে জরুরি সংস্কারকাজ চলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। শনিবার ভোর থেকে যানজট তীব্র আকার ধারণ করে; শুক্রবার রাতেও মহাসড়কে ধীরগতি ও যানজট ছিল।
যানজটটি নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজ থেকে কুমিল্লার চান্দিনা পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এতে হাজার হাজার যানবাহন আটকা পড়ে এবং রোগীবাহী অ্যাম্বুলেন্স ও বিদেশগামী যাত্রীদের গাড়িও ভোগান্তিতে পড়ে।
সড়ক বিভাগ জানায়, আষাড়িয়ারচর ব্রিজের ঢাকামুখী লেনের একটি অংশে বড় গর্ত সৃষ্টি হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি দেখা দেয়। শুক্রবার সকাল ১১টার দিকে সেখানে জরুরি সংস্কারকাজ শুরু হয়।
সংস্কারকাজের সময় মহাসড়কের দুই লেনের একটি বন্ধ রেখে অপর লেন দিয়ে যান চলাচলের ব্যবস্থা করা হয়। ফলে যানবাহনের চাপ বাড়তে বাড়তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিউল ইসলাম বলেন, এক লেন দিয়ে পর্যায়ক্রমে যানবাহন চলাচল করায় পরিস্থিতি জটিল হয়েছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে।

































