ব্রাহ্মণবাড়িয়ায় হাসনাতের বক্তব্য ঘিরে বিক্ষোভ, এনসিপির কর্মসূচি নিয়ে উত্তেজনা

ব্রাহ্মণবাড়িয়ায় হাসনাতের বক্তব্য ঘিরে বিক্ষোভ, এনসিপির কর্মসূচি নিয়ে উত্তেজনা জাতীয় সংসদ অধিবেশনে সম্পূরক প্রশ্ন করছেন কুমিল্লা-৪ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। ছবি : ভিডিও থেকে নেওয়া

অনলাইন সংস্করণ

Published : ১২:২৬, ২৯ আগস্ট ২০২৬

সংসদে ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট ও নৌকাবাইচ বন্ধের প্রসঙ্গ তুলে ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। ক্ষমা না চাইলে জেলায় এনসিপির কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ।

বৃহস্পতিবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে কুমিল্লা-৪ আসনের এমপি হাসনাত আবদুল্লাহ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছে সম্পূরক প্রশ্ন করেন। তিনি বিভিন্ন অপরাধের পরিসংখ্যান তুলে ধরে গত ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে কি না, তা জানতে চান।

ব্রাহ্মণবাড়িয়ার প্রসঙ্গ টেনে হাসনাত বলেন, জেলায় গান-বাজনা ও সিনেমার মতো আয়োজন বন্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি প্রশ্ন করেন, স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার এবং আইনের শাসন প্রতিষ্ঠায় যথেষ্ট ভূমিকা রাখতে পেরেছেন কি না।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রশ্নটি নাকি রাজনৈতিক বক্তৃতার মতো মনে হয়েছে। তিনি হাসনাতের দেওয়া পরিসংখ্যানের ভিত্তি নিয়েও প্রশ্ন তোলেন এবং দাবি করেন, সরকারের সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দৃশ্যমান। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হচ্ছে বলেও জানান তিনি।

হাসনাতের বক্তব্যের প্রতিবাদে শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরে বিক্ষোভ মিছিল করে কওমি ছাত্র ঐক্য পরিষদ। সংগঠনটির নেতারা বক্তব্যের জন্য হাসনাতের ক্ষমা দাবি করেন এবং তা না হলে এনসিপির কর্মসূচি প্রতিহতের ঘোষণা দেন।

এ ঘটনায় এনসিপির সাংগঠনিক কর্মসূচিকে ঘিরে জেলায় উত্তেজনা তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি; তবে পরিস্থিতি পর্যবেক্ষণে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement