মাথায় সমস্যা থাকায় ভুল করেছেন, গায়ক আসিফকে নিয়ে রাশেদ খাঁন

মাথায় সমস্যা থাকায় ভুল করেছেন, গায়ক আসিফকে নিয়ে রাশেদ খাঁন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন (বামে) ও গায়ক আসিফ আকবর। ছবি: গ্রাফিক্স

অনলাইন সংস্করণ

Published : ১১:৪৫, ২৭ আগস্ট ২০২৬

গায়ক আসিফ আকবরকে নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিস্ফোরক মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। বুধবার (২৬ আগস্ট) রাতে দেওয়া এক পোস্টে তিনি আসিফ আকবরের মদপান নিয়ে আদালতে দেওয়া বক্তব্য, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হওয়া এবং সাম্প্রতিক বিভিন্ন মন্তব্য নিয়ে প্রশ্ন তোলেন। একই পোস্টে তিনি জানান, ছোটবেলা থেকেই আসিফ আকবরের গানের ভক্ত ছিলেন।

পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, আসিফ আকবর আদালতে জানিয়েছিলেন, মাথার সমস্যার কারণে তাকে মদপান করতে হয়। পাশাপাশি বিএনপির নেতা আল হাসানের জন্মদিনের অনুষ্ঠানে লন্ডনে উপস্থিত হওয়া নিয়েও মন্তব্য করেন তিনি। ওই ঘটনায় আসিফ আকবর সমালোচিত হয়েছিলেন উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, হয়তো পরবর্তীতে নিজের ভুল বুঝতে পেরেছেন তিনি।

আসিফ আকবরের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বিসিবির পরিচালক হওয়া নিয়েও মন্তব্য করেন রাশেদ খাঁন। তার ভাষ্য, পরবর্তীতে সুযোগ না পাওয়ায় আসিফ আকবর ক্ষুব্ধ হয়ে থাকতে পারেন।

সম্প্রতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে নিয়ে আসিফ আকবরের দেওয়া বক্তব্যেরও সমালোচনা করেন রাশেদ খাঁন। এমন মন্তব্য করার সময় আসিফ আকবরের মানসিক অবস্থা ঠিক ছিল কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বক্তব্য দেওয়ার আগে আরও ভেবেচিন্তে কথা বলার পরামর্শও দেন রাশেদ খাঁন।

Rashed Khan Facebook Post

রাশেদ খাঁন আরও অভিযোগ করেন, রাষ্ট্রপতিকে নিয়ে আসিফ আকবরের ‘গুম’ প্রসঙ্গে করা মন্তব্যের ভাষা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তবে তিনি বলেন, কোনো রাজনৈতিক সমালোচনার প্রতিবাদ করার প্রয়োজন নেই, কিন্তু গুমের মতো বিষয় নিয়ে কটাক্ষ করা ঠিক হয়নি।

পোস্টের শেষদিকে আসিফ আকবরের গানের প্রতি নিজের ভালো লাগার কথা তুলে ধরেন রাশেদ খাঁন। তিনি বলেন, ছোটবেলা থেকেই আসিফ আকবরের গান তার পছন্দের এবং পছন্দের শিল্পীদের তালিকায় আসিফও ছিলেন।

রাশেদ খাঁনের এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে পোস্টে করা বিভিন্ন অভিযোগ ও মন্তব্যের বিষয়ে আসিফ আকবরের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শেয়ার করুনঃ
Advertisement