দেশের সব আন্দোলনের মূল অনুপ্রেরণা নজরুল: রিজভী
Published : ১১:০৬, ২৭ আগস্ট ২০২৬
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম দেশের সব আন্দোলন-সংগ্রামের মূল অনুপ্রেরণা ছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সাহিত্যপ্রেমীরা সমবেত হন।
রিজভী বলেন, স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান—দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে কাজী নজরুল ইসলামের সাহিত্য ও দর্শন মানুষকে অনুপ্রেরণা দিয়েছে। দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে নজরুলের বাণী মানুষকে প্রতিরোধ গড়ে তুলতে সাহস জোগায় বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, কাজী নজরুল ইসলাম সারাজীবন অন্যায়, অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে কথা বলেছেন। তার সাহিত্যজুড়ে সাম্য, মানবতা ও প্রতিবাদের বার্তা রয়েছে।
তিনি আরও বলেন, যুগে যুগে দেশের বিভিন্ন গণ-আন্দোলন ও সংগ্রামে নজরুলের কবিতা ও গান মানুষকে সাহস ও প্রেরণা দিয়েছে। অত্যাচার-নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধের শিক্ষা দিয়ে গেছেন জাতীয় কবি।
রিজভীর ভাষ্য, দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে নজরুলের চেতনা ও সৃষ্টিকর্ম এখনো মানুষের জন্য গুরুত্বপূর্ণ অনুপ্রেরণার উৎস।






























