নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের
Published : ১০:৩৭, ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর ল্যাপটপ চুরির অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন তিনি। পোস্টের কমেন্টে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ছাত্র ফেডারেশন থেকে বহিষ্কারসংক্রান্ত একটি পুরোনো নোটিশের ছবিও যুক্ত করেন রাশেদ খাঁন।
রাশেদ খাঁনের দাবি, ২০১৯ সালে ছাত্র ফেডারেশনের রাজনীতির সঙ্গে যুক্ত থাকাকালে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ঢাবির এক নারী শিক্ষার্থীর ল্যাপটপ চুরির অভিযোগ ওঠে। ওই শিক্ষার্থীর অভিযোগের পর ছাত্র ফেডারেশনের তৎকালীন নেতারা একটি তদন্ত কমিটি গঠন করেন বলেও তিনি দাবি করেন।

রাশেদ খাঁন আরও দাবি করেন, তদন্ত কমিটি তথ্য-প্রমাণ সংগ্রহের পর অভিযোগের সত্যতা পায় এবং এর পরিপ্রেক্ষিতে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ছাত্র ফেডারেশন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। এ ঘটনার পর তিনি কিছু সময় রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন বলেও দাবি করেন রাশেদ।
পরে এবি পার্টিতে যোগ দেওয়ার মাধ্যমে নাসীরুদ্দীন আবার রাজনৈতিকভাবে সক্রিয় হন বলে পোস্টে উল্লেখ করেন রাশেদ খাঁন। তাঁর দাবি, এবি পার্টির নেতাকর্মীরা ওই অভিযোগ সম্পর্কে জানতেন না।
পোস্টের শেষাংশে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আরেকটি চুরির অভিযোগের প্রসঙ্গ টেনে তাঁর রাজনৈতিক বক্তব্য নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খাঁন। তবে এসব অভিযোগের বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

































