শিবিরকে ‘রগ কেটে ইতিহাস তৈরি’ করতে বললেন গকসু এজিএস

শিবিরকে ‘রগ কেটে ইতিহাস তৈরি’ করতে বললেন গকসু এজিএস ছবি: ফেসবুক থেকে নেওয়া

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১০:৫৯, ৫ আগস্ট ২০২৬

গণবিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সামিউল হাসান শোভনের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ইসলামী ছাত্রশিবিরকে উদ্দেশ করে দেওয়া ওই পোস্টে সহিংসতার ইঙ্গিতপূর্ণ বক্তব্য থাকায় অনেকেই এর সমালোচনা করেছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সামিউল হাসান শোভন বিএনপি, ছাত্রদল ও জামায়াত-শিবিরের সম্পর্ক নিয়ে মন্তব্য করেন। পোস্টে তিনি দাবি করেন, ক্যাম্পাসে ছাত্রদলের হামলার মুখে ছাত্রশিবির শুধু প্রতিবাদ কর্মসূচিতে সীমাবদ্ধ রয়েছে।

একপর্যায়ে তিনি লেখেন, “৯০-এর দশকে শিবিরের উপর পায়ের রগ কাটার মিথ্যা অপবাদ আছে, সন্ত্রাস রুখে দিতে প্রয়োজনে ২/১টা রগ কেটে ইতিহাস তৈরি করুন।” পোস্টের শেষাংশে তিনি “শিবির ক্যাডার নাসির”–এর প্রতি আহ্বান জানিয়ে পুনরায় জেগে ওঠার কথাও উল্লেখ করেন।

পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেক ব্যবহারকারী মন্তব্য করেন, এ ধরনের বক্তব্য সহিংসতাকে উসকে দিতে পারে এবং দায়িত্বশীল কোনো ছাত্রনেতার কাছ থেকে এমন মন্তব্য প্রত্যাশিত নয়।

মন্তব্যকারীদের মধ্যে মো. তানভির লেখেন, “সামিউল, তোমার এমন উত্তেজনামূলক বক্তব্যের তীব্র নিন্দা জানাই।” রিফাত হেসেন মাহিন মন্তব্য করেন, “রগ কাটা কি শুরু হয়ে গেছে?” মাহমুদ রাসেল লেখেন, “তার মানে শিবির রগ কাটে—এটা সত্য?” আর আবির হোসেন আবির প্রশ্ন তোলেন, “রগ কাটার ইতিহাস কি তাহলে সত্য ধরে নিতে হবে?”

পোস্টটি ঘিরে সামাজিক মাধ্যমে পক্ষে-বিপক্ষে আলোচনা অব্যাহত রয়েছে। তবে এ বিষয়ে সামিউল হাসান শোভনের পক্ষ থেকে পরবর্তীতে কোনো ব্যাখ্যা বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শেয়ার করুনঃ
Advertisement

Warning: Invalid argument supplied for foreach() in /home/t43pn1u3ss/public_html/details.php on line 542