দীর্ঘ প্রতীক্ষার পর দেশে ফিরেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল
Published : ১৪:৩৯, ২৯ মার্চ ২০২৬
দীর্ঘ অপেক্ষা ও নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতের দিকে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার সিডনি থেকে ঢাকায় অবতরণ করেন তিনি। বিসিবির একাধিক পরিচালক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
দীর্ঘ সময় ধরে বিসিবি সভাপতি বিদেশে অবস্থান করছিলেন নীরবে। তার দেশে ফেরা নিয়ে ক্রিকেট অঙ্গনে নানা ধরনের গুঞ্জন তৈরি হয়েছিল। বিশেষ করে আলোচনা ছিল, তিনি আদৌ দেশে ফিরবেন কি না, নাকি বিদেশ থেকেই দায়িত্ব পালন করবেন। বিসিবির কর্মকর্তারা জানান, পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ায় ঈদ উদযাপন শেষে ২৬ বা ২৭ মার্চের মধ্যে দেশে ফেরার পরিকল্পনা ছিল তার। তবে নির্ধারিত সময়ের চেয়ে দুই দিন পর, ২৯ মার্চ দেশে ফেরার মধ্য দিয়ে সব জল্পনার অবসান ঘটেছে।
এমন এক সময় দেশে ফিরলেন আমিনুল ইসলাম বুলবুল, যখন বিসিবির গত অক্টোবরের নির্বাচন ঘিরে চলছে নানা বিতর্ক। ঢাকার বিভিন্ন ক্লাব এবং জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কয়েকজন সংগঠক ওই নির্বাচনকে ‘অবৈধ ও অস্বচ্ছ’ দাবি করে জাতীয় ক্রীড়া পরিষদে অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়েছে, নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে এবং এতে সরকারি হস্তক্ষেপও ছিল।
এদিকে জাতীয় ক্রীড়া পরিষদ ইতোমধ্যে একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। জানা গেছে, কমিটি আগামী এপ্রিলের প্রথম সপ্তাহেই তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে চায়।
সূত্র বলছে, তদন্ত কমিটি এরই মধ্যে বিসিবি সভাপতির সঙ্গে অনলাইনে যোগাযোগ করেছে। তবে তার দেশে ফেরার ফলে এখন তিনি সরাসরি কমিটির সামনে উপস্থিত হয়ে নিজের বক্তব্য উপস্থাপনের সুযোগ পাবেন।
উল্লেখ্য, গত অক্টোবরের নির্বাচনে তার নিজের ভূমিকাও প্রশ্নের মুখে রয়েছে। বিশেষ করে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোর কাছে নিয়মবহির্ভূতভাবে কাউন্সিলরশিপ চাওয়ার বিষয়টি তদন্তের আওতায় আনা হয়েছে।
বিডি/এএন

































