বিশ্বকাপ ছিটকে গেল লেভানডস্কির পোল্যান্ড
Published : ০৯:০৮, ১ এপ্রিল ২০২৬
২০২৬ বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে পারেনি রবার্ট লেভানডস্কির পোল্যান্ড। নাটকীয়তায় ভরা এক ম্যাচে পোল্যান্ডকে ৩-২ গোলে পরাজিত করে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে সুইডেন।
স্টকহোমে নিজেদের মাঠে অনুষ্ঠিত প্লে-অফ ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিক সুইডেন। ইয়াসিন আইয়ারির দারুণ এক ফ্লিক থেকে বল পেয়ে নিউক্যাসলের উইঙ্গার অ্যান্টনি এলাঙ্গা নিখুঁত ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন। তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ম্যাচের ১৩ মিনিট পরই নিকোলা জালেস্কির বাঁকানো শটে সমতায় ফেরে পোল্যান্ড।
প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে আবারও এগিয়ে যায় সুইডেন। বেঞ্জামিন নিগ্রেনের ফ্রি-কিক থেকে আসা বলে হেড করে জালে পাঠান সেন্টার-ব্যাক গুস্তাফ লেগারবিয়েলকে, ফলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে পোল্যান্ড এবং তারা সফলও হয়। কারোল সুইডারস্কির গোলে ম্যাচে ২-২ সমতা ফিরে আসে। ম্যাচ যখন অতিরিক্ত সময়ে গড়ানোর পথে, ঠিক তখনই আসে নাটকীয় মুহূর্ত। ৮৮তম মিনিটে বেসফোর্ট জেনেলির নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসলে ফিরতি বলে ফাঁকা জালে বল জড়িয়ে দেন ভিক্টর গিওকেরেস। তার এই গোলেই নিশ্চিত হয় সুইডেনের জয় এবং বিশ্বকাপে খেলার টিকিট।
চার বছর আগে প্লে-অফ ফাইনালে পোল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ খেলা হয়নি সুইডেনের। এবার সেই হারের প্রতিশোধও নিয়ে নিল তারা। অন্যদিকে, এই পরাজয়ের ফলে বিশ্বকাপের মূল আসরে আর দেখা যাবে না লেভানডস্কির পোল্যান্ডকে।
বিডি/এএন


































