বিশ্বকাপ ঘিরে গাভির ভবিষ্যদ্বাণী
Published : ১৬:৫২, ৪ জুন ২০২৬
২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ফুটবল অঙ্গনে আলোচনা-উত্তেজনা দিন দিন বাড়ছে। টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই বর্তমান ও সাবেক অনেক তারকা খেলোয়াড় নিজেদের পূর্বাভাস জানাচ্ছেন। এবার সেই ধারায় নিজের মতামত প্রকাশ করেছেন স্পেনের তরুণ মিডফিল্ডার গাভি।
স্পেনের জনপ্রিয় স্ট্রিমার ইবাই লানোসের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে গাভি বিশ্বকাপের সম্ভাব্য ফলাফল নিয়ে কথা বলেন। তার মতে, ২০২৬ বিশ্বকাপের শিরোপা জিতবে স্পেন, আর ফাইনালে রানার্সআপ হবে প্রতিবেশী দেশ পর্তুগাল।
টুর্নামেন্টের ‘ডার্ক হর্স’ বা চমকপ্রদ দল হিসেবে তিনি বেছে নিয়েছেন ইকুয়েডরকে। গাভির বিশ্বাস, দলটিতে থাকা কয়েকজন প্রতিভাবান ফুটবলার বিশ্বকাপের মঞ্চে বড় ধরনের চমক দেখানোর সামর্থ্য রাখেন।
ব্যক্তিগত পুরস্কারের ক্ষেত্রেও নিজের জাতীয় দল ও বার্সেলোনা সতীর্থ লামিনে ইয়ামালের ওপরই আস্থা রেখেছেন তিনি। গাভির ধারণা, বিশ্বকাপ শেষে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি যেতে পারে ইয়ামালের ঝুলিতে।
সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি এগিয়ে রেখেছেন মিকেল ওয়্যারজাবালকে। অন্যদিকে উদীয়মান তারকা হিসেবে তার পছন্দ জোয়াও ফেলিক্স। আর সবচেয়ে অভিজ্ঞ ও প্রভাবশালী খেলোয়াড়ের তালিকায় গাভির নির্বাচনে জায়গা পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।
মাত্র ২১ বছর বয়সেই স্পেন জাতীয় দল ও বার্সেলোনার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন গাভি। ২০২১ সালে বার্সেলোনার মূল দলে অভিষেকের পর থেকে তিনি ক্লাবটির হয়ে ১৬৬ ম্যাচে মাঠে নেমে করেছেন ১০ গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৬টি গোল। এই সময়ে তিনি জিতেছেন তিনটি লা লিগা, তিনটি স্প্যানিশ সুপার কাপ এবং একটি কোপা দেল রে শিরোপা।
জাতীয় দলের জার্সিতেও গাভি ইতোমধ্যে ২৮টি ম্যাচ খেলেছেন। অল্প বয়সেই আন্তর্জাতিক ফুটবলে নিজেকে গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন তিনি।


































