নারী ফুটবলের তারকা ঋতুপর্ণার পাশে প্রধানমন্ত্রী, গৃহ নির্মাণে দিলেন আর্থিক সহায়তা

নারী ফুটবলের তারকা ঋতুপর্ণার পাশে প্রধানমন্ত্রী, গৃহ নির্মাণে দিলেন আর্থিক সহায়তা জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার গৃহ নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০৩:১৯, ১০ জুন ২০২৬

বাংলাদেশ নারী ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার গৃহ নির্মাণে আর্থিক সহায়তা প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশনের বিরতির সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ঋতুপর্ণা চাকমার হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন-এর সভাপতি তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।

ঋতুপর্ণা চাকমা দীর্ঘদিন ধরে বাংলাদেশের নারী ফুটবলের সাফল্যের অন্যতম চালিকাশক্তি হিসেবে পরিচিত। ২০২২ ও ২০২৪ সালের সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পাশাপাশি ২০২৫ সালে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশের জায়গা করে নেওয়ার অভিযানে তার অবদান ছিল উল্লেখযোগ্য।

এর আগে ২০২৫ সালে ক্যান্সারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য সহায়তার প্রয়োজন হলে ঋতুপর্ণা ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছিল বিএনপি। দলটির উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং পরিবারের খোঁজখবর নেওয়া হয়।

পার্বত্য অঞ্চলের একটি সাধারণ পরিবার থেকে উঠে এসে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নিজের প্রতিভার স্বাক্ষর রাখা ঋতুপর্ণা চাকমা আজ বাংলাদেশের অসংখ্য নারী ফুটবলারের অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন।

শেয়ার করুনঃ
Advertisement