আজ শুরু ২০২৬ ফিফা বিশ্বকাপ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা
Published : ১২:১৪, ১১ জুন ২০২৬
জমকালো উদ্বোধনী অনুষ্ঠান ও বহুল প্রতীক্ষিত ম্যাচের মধ্য দিয়ে আজ পর্দা উঠছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ‘গ্রুপ এ’-তে মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে মুখোমুখি হবে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা।
উদ্বোধনী ম্যাচের আগে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন। অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় নাইজেরিয়ান আফ্রোবিটস শিল্পী বার্না বয়ের সঙ্গে তিনি পরিবেশন করবেন এবারের বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’। এছাড়া দর্শকদের মাতাতে মঞ্চে থাকবেন জে বালভিন ও জনপ্রিয় পপ ব্যান্ড মানা।
মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার এই লড়াই ফুটবলপ্রেমীদের মনে করিয়ে দিচ্ছে ২০১০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের কথা। সে সময়ও দুই দল মুখোমুখি হয়েছিল এবং ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। ১৬ বছর পর আবারও বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে দেখা হচ্ছে দুই দলের, তবে এবার স্বাগতিক মেক্সিকোর ঘরের মাঠ আজটেকা স্টেডিয়ামে।
স্বাগতিকদের শক্তির মূল ভরসা তাদের রক্ষণভাগ। অভিজ্ঞ গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে অংশ নিচ্ছেন। অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়দের সমন্বয়ে গড়া দলটি সাম্প্রতিক ৮ ম্যাচের মধ্যে ৬টিতেই প্রতিপক্ষকে গোল করতে দেয়নি।
অন্যদিকে দক্ষিণ আফ্রিকা কাউন্টার অ্যাটাকনির্ভর ফুটবলের জন্য পরিচিত। বিশ্বকাপে নিজেদের শেষ ৯ ম্যাচের প্রতিটিতেই গোল করার কৃতিত্ব রয়েছে আফ্রিকান দলটির।
বিশ্বকাপের উদ্বোধনী উৎসব শুধু মেক্সিকোতেই সীমাবদ্ধ থাকছে না। পরদিন কানাডার টরন্টোর বিএমও ফিল্ডে অনুষ্ঠিত হবে দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে পারফর্ম করবেন মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট এবং আলিসিয়া কারা।
এরপর শনিবার ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে উদ্বোধনী আয়োজনের শেষ পর্ব। হলিউড ধাঁচের এই অনুষ্ঠানে অংশ নেবেন ক্যাটি পেরি, ব্ল্যাকপিংকের লিসা, ফিউচার এবং অ্যানিত্তার মতো আন্তর্জাতিক তারকারা।


































