বিশ্বকাপ উদ্বোধন ঘিরে মেক্সিকো সিটিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, সরকারি কর্মীদের ‘ওয়ার্ক ফ্রম হোম’ নির্দেশ

বিশ্বকাপ উদ্বোধন ঘিরে মেক্সিকো সিটিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, সরকারি কর্মীদের ‘ওয়ার্ক ফ্রম হোম’ নির্দেশ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:০১, ১১ জুন ২০২৬

২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচকে ঘিরে সম্ভাব্য যানজট ও জনসমাগম নিয়ন্ত্রণে রাজধানী মেক্সিকো সিটির সব শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের জন্য শ্রেণি কার্যক্রম স্থগিত করেছে মেক্সিকো সরকার। একই সঙ্গে ফেডারেল সরকারি কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা দূরবর্তী কর্মব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বাংলাদেশ সময় রাত ১টায় এবং স্থানীয় সময় বিকেল ৫টায় মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে পর্দা উঠবে ২০২৬ ফিফা বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ উপলক্ষে রাজধানীজুড়ে ব্যাপক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা পরিকল্পনা গ্রহণ করেছে দেশটির কর্তৃপক্ষ। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজারো দর্শক, পর্যটক এবং ফুটবল সমর্থকের উপস্থিতিতে নগরীতে অতিরিক্ত চাপ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এক বিবৃতিতে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাম জানান, রাজধানীর যান চলাচল স্বাভাবিক রাখা এবং দর্শনার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতেই এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচকে কেন্দ্র করে বিপুলসংখ্যক মানুষের সমাগম হবে। ফলে সড়ক ব্যবস্থাপনায় চাপ কমানো এবং নগরীর স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সাময়িকভাবে শিক্ষা কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।

সরকারি নির্দেশনা অনুযায়ী, প্রাক-প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত সরকারি ও বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠান ওই দিনের জন্য বন্ধ থাকবে। এছাড়া অধিকাংশ ফেডারেল সরকারি কর্মচারীকে বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে স্বাস্থ্যসেবা, আইনশৃঙ্খলা রক্ষা, জরুরি সেবা, গুরুত্বপূর্ণ অবকাঠামো পরিচালনা এবং বিশ্বকাপ-সংশ্লিষ্ট কার্যক্রমে নিয়োজিত প্রতিষ্ঠানগুলো এই নির্দেশনার আওতার বাইরে থাকবে।

সরকার বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও কর্মীদের জন্য নমনীয় কর্মঘণ্টা বা দূরবর্তী কর্মব্যবস্থা চালুর আহ্বান জানিয়েছে, যাতে বিশ্বকাপের উদ্বোধনী আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।

ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসরের উদ্বোধনী দিনে এমন পদক্ষেপ মেক্সিকো সিটির ইতিহাসে অন্যতম বৃহৎ নগর ব্যবস্থাপনা উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

শেয়ার করুনঃ
Advertisement