বিশ্বকাপ মঞ্চে নেই একঝাঁক তারকা, ১,২৪৮ ফুটবলারের লড়াই শুরু আজ

বিশ্বকাপ মঞ্চে নেই একঝাঁক তারকা, ১,২৪৮ ফুটবলারের লড়াই শুরু আজ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:০০, ১১ জুন ২০২৬

২০২৬ ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে আজ। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাত ১টায় মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজিত এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে ৪৮টি দল। ইতিহাসের সবচেয়ে বড় এই আসরে মোট ১,২৪৮ জন ফুটবলার বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছেন। তবে চোটের কারণে বেশ কয়েকজন আলোচিত তারকা শেষ মুহূর্তে ছিটকে গেছেন, যা তাদের নিজ নিজ দলের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

ব্রাজিলের ফরোয়ার্ড রদ্রিগো মার্চে লিগামেন্ট ও মেনিস্কাস ইনজুরিতে পড়ার পর বিশ্বকাপ দল থেকে বাদ পড়েন। একইভাবে উদীয়মান ব্রাজিলিয়ান প্রতিভা এস্তেভাও হ্যামস্ট্রিং ইনজুরির কারণে টুর্নামেন্টে অংশ নিতে পারছেন না।

ফ্রান্সের সম্ভাবনাময় স্ট্রাইকার হুগো একিতিকে চ্যাম্পিয়ন্স লিগে পাওয়া পেশির চোটে বিশ্বকাপ মিস করেছেন। স্পেনের মিডফিল্ডার ফারমিন লোপেজও পায়ের হাড় ভেঙে যাওয়ায় দলে জায়গা ধরে রাখতে পারেননি।

জার্মানির অভিজ্ঞ ফরোয়ার্ড সার্জি গ্যানাব্রি অ্যাডাক্টর ইনজুরির কারণে ছিটকে গেছেন। একই দেশের তরুণ প্রতিভা লেনার্ট কার্লও অনুশীলনে পাওয়া চোটে বিশ্বকাপ স্বপ্ন হারিয়েছেন।

নেদারল্যান্ডসের জন্যও দুঃসংবাদ কম নয়। ডিফেন্ডার মাথিয়াস ডি লিট, জাভি সিমন্স এবং জুরিয়েন টিম্বার—তিনজনই গুরুতর চোটের কারণে বিশ্বকাপ মিস করছেন। বিশেষ করে টিম্বারকে টুর্নামেন্ট শুরুর মাত্র তিন দিন আগে দল থেকে বাদ দেওয়া হয়।

জাপানের আক্রমণভাগে বড় ধাক্কা হয়ে এসেছে কাওরু মিতোমার অনুপস্থিতি। ব্রাইটনের এই উইঙ্গার হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বিশ্বকাপের বাইরে চলে গেছেন।

অন্যদিকে স্কটল্যান্ডের মিডফিল্ডার বিলি গিলমোর এবং ব্রাজিলের রাইট-ব্যাক ওয়েসলিও ইনজুরির কারণে শেষ পর্যন্ত বিশ্বকাপ স্কোয়াডে জায়গা ধরে রাখতে পারেননি।

বিশ্বকাপের মতো মঞ্চে প্রতিটি দলের জন্য পূর্ণশক্তির স্কোয়াড গুরুত্বপূর্ণ হলেও এবারের আসরে বেশ কয়েকটি দলকে তাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ছাড়াই শিরোপার লড়াইয়ে নামতে হচ্ছে। ফলে টুর্নামেন্টের শুরু থেকেই দলগুলোর গভীরতা ও বিকল্প শক্তির বড় পরীক্ষা অপেক্ষা করছে।

শেয়ার করুনঃ
Advertisement