ঘরেরবাজারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মাহমুদউল্লাহ রিয়াদ
Published : ১৯:২০, ১৩ আগস্ট ২০২৬
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম অভিজ্ঞ ও নির্ভরযোগ্য ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ নতুন দায়িত্বে যুক্ত হয়েছেন। অর্গানিক ও সেফ ফুড ব্র্যান্ড ঘরেরবাজারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নতুন ইনিংস শুরু করেছেন তিনি।
ঘরেরবাজারের বিভিন্ন ব্র্যান্ড—স্বস্তি, হানিরাজ, খেজুরি, গ্লারভেস্ট এবং ইসলামিক লাইফস্টাইল ফ্যাশন ব্র্যান্ড তাবায়ার বিভিন্ন ক্যাম্পেইন, ডিজিটাল কনটেন্ট ও প্রচারণামূলক কার্যক্রমে যুক্ত থাকবেন মাহমুদউল্লাহ।
১১ আগস্ট ঘরেরবাজারের বনশ্রী প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মাহমুদউল্লাহকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত করার ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে মাহমুদউল্লাহর পাশাপাশি ঘরেরবাজারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ঘরেরবাজারের ব্র্যান্ড তাবায়ার থোব ও পাঞ্জাবি পরে দেখেন মাহমুদউল্লাহ। এ সময় প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন তিনি।
মানসম্মত ও নিরাপদ খাদ্যপণ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে ঘরেরবাজার। দেশীয় নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বাছাই করা খাদ্যপণ্যও প্রতিষ্ঠানটির পণ্য তালিকায় রয়েছে।
মাহমুদউল্লাহকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত করার মাধ্যমে নিজেদের পণ্য ও ব্র্যান্ডের গল্প আরও বিস্তৃত পরিসরে মানুষের কাছে পৌঁছে দিতে চায় ঘরেরবাজার।
দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে ধারাবাহিক পারফরম্যান্স ও দায়িত্বশীলতার জন্য পরিচিত মাহমুদউল্লাহ। ঘরেরবাজারের মতে, তাঁর অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতার সঙ্গে প্রতিষ্ঠানটির মান ও আস্থাকে গুরুত্ব দেওয়ার ভাবনার মিল রয়েছে।
নিজের নতুন দায়িত্ব প্রসঙ্গে মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘ঘরেরবাজার বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত ব্র্যান্ড, তাদের প্রতি আমার আস্থা আছে। ইনশাআল্লাহ এই অংশীদারত্ব থেকে ভবিষ্যতে ভালো কিছু বের হয়ে আসবে।’
ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মাহমুদউল্লাহকে নিয়ে ঘরেরবাজারের পরবর্তী ক্যাম্পেইন ও ডিজিটাল কনটেন্ট কার্যক্রম শিগগিরই শুরু হবে। নতুন এই অংশীদারত্বের মাধ্যমে প্রতিষ্ঠানটির বিভিন্ন ব্র্যান্ড ও পণ্যের প্রচারণা আরও বড় পরিসরে মানুষের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।


































