এবার যে কারণে অধিনায়কত্ব ছাড়লেন বাবর আজম

এবার যে কারণে অধিনায়কত্ব ছাড়লেন বাবর আজম

ক্রীড়া ডেস্ক

Published : ১৪:৩৬, ২ অক্টোবর ২০২৪

বেশ কিছুদিন ধরে আলোচনা আর গুঞ্জন ছিলো। পাকিস্তানের অধিনায়কের পদ থেকে বাবর আজমের সরে যাওয়া নিয়ে অনেকবারই আলোচনা হয়েছে। তবে এবার বাইরের চাপ নয়, নিজ থেকেই পাকিস্তানের সাদা বলের অধিনায়কত্ব থেকে ছেড়ে দিয়েছেন বাবর আজম। তবে বর্তমান পিসিবি প্রধান মহসিন নাকভির আস্থার জায়গায় আছেন ছিলেন সেই বাবরই। জাকা আশরাফ বাবরকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দিলেও মহসিন নাকভি ঠিকই তাকে ফিরিয়ে আনেন।

পাকিস্তানের এ ব্যাটসম্যান দ্বিতীয় দফায় দায়িত্ব পালন করতে এসে এক বছরের কম সময়ের আগে নেতৃত্ব ছাড়লেন। বাবর সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতি দিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ব্যাটিংকে প্রাধান্য দিতে গিয়ে অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বিবৃতিতে বাবর জানিয়েছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। বাবর লিখেছেন, ‘আমি আজ আপনাদের একটি সংবাদ জানাব। আমি পাকিস্তান ক্রিকেট দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছি।’

নিজের সরে দাঁড়ানোর ব্যাখ্যায় বাবর লিখেছেন, ‘দলকে নেতৃত্ব দেওয়া ছিল দারুণ সম্মানের। কিন্তু এখন সময় হয়েছে আমার সরে দাঁড়ানোর এবং নিজের খেলার প্রতি মনোযোগ দেওয়ার। অধিনায়কত্ব অভিজ্ঞতা দেয়। কিন্তু এটা উল্লেখযোগ্যভাবে কাজের চাপও বাড়ায়। আমি নিজের পারফরম্যান্সকে অগ্রাধিকার দিতে চাই, নিজের ব্যাটিংকে উপভোগ করতে চাই এবং পরিবারের সঙ্গে পর্যাপ্ত সময় কাটাতে চাই, যা আমাকে আনন্দ দেবে।’

এদিকে বাবর আজমের সরে দাঁড়ানোর পর মোহাম্মদ রিজওয়ানের নাম সবচেয়ে বেশি আলোচনায় আছে। দেশটির ঘরোয়া ক্রিকেটে অনেকটা দিন ধরেই বিভিন্ন দলের অধিনায়ক হয়েছেন। সর্বশেষ ওয়ানডে চ্যাম্পিয়ন্স কাপেও বাবর আজম অবশ্য নিজ দলের অধিনায়ক ছিলেন না। সাম্প্রতিক সময়ে ব্যাটিং ফর্মেও নেই তিনি। ফর্ম আর পরিস্থিতি বিবেচনায় রিজওয়ানকেই অধিনায়কের পদে এগিয়ে রাখা হচ্ছে সবচেয়ে বেশি।

শাহিন আফ্রিদির নামটাও অধিনায়কের দৌড়ে আছে। পূর্বের বোর্ড সভাপতি জাকা আশরাফ আস্থা রেখেছিলেন এই পেসারের ওপর। বিশ্বকাপে ব্যর্থতার পর বাবরকে সরিয়ে শাহিন আফ্রিদিকেই দেয়া হয় দায়িত্ব। যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে সফরে পাকিস্তান ছিল পুরোপুরি ব্যর্থ।

এদিকে টেস্ট দলেও অধিনায়ক পরিবর্তন নিয়ে আছে গুঞ্জন। সেখানে অবশ্য শান মাসুদের ওপর আস্থা আছে লাল বলের ক্রিকেটে পাকিস্তানের কোচ জেসন গিলেস্পির। শান মাসুদও আগ্রহী নন অধিনায়কত্ব ছাড়তে।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement