জনগণই বিএনপির সব ক্ষমতার উৎস: প্রধানমন্ত্রী তারেক রহমান

জনগণই বিএনপির সব ক্ষমতার উৎস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:২৬, ৯ আগস্ট ২০২৬

জনগণই বিএনপির সব ক্ষমতার উৎস উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের সমর্থন থাকলে সরকারের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে।


রোববার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া সমুদ্রপাড়ে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।


প্রধানমন্ত্রী বলেন, “আমরা চাই ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে শ্রমিকের হাতে রূপান্তর করতে। আমাদের কাজ করতে হবে। ফসলের উৎপাদন বৃদ্ধি করতে হবে। শিল্পের বিপ্লব ঘটাতে হবে।”
সম্প্রতি অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যার প্রসঙ্গ তুলে তিনি বলেন, এতে অনেক মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে। ১০০টি বাড়ির চাবি হস্তান্তর করা হয়েছে এবং দুস্থ নারীদের চাল দিয়ে সহযোগিতা করা হয়েছে।


তারেক রহমান বলেন, সরকারের দায়িত্ব হচ্ছে সুখে-দুঃখে মানুষের পাশে থাকা, মা-বোনদের সহযোগিতা করা, সন্তানদের লেখাপড়ার ব্যবস্থা করা, চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করা।
৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড
নির্বাচনী প্রতিশ্রুতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নারীদের স্বাবলম্বী করতে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার গঠনের এক মাসের মধ্যেই এর পাইলট প্রকল্পের কাজ শুরু করা হয় এবং তা শেষ হয়েছে।


তিনি জানান, আগামী ১৬ আগস্ট থেকে ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু হবে। চলতি বছর সারা দেশে প্রায় ৪১ লাখ পরিবারের মায়ের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে।


বাঁশখালীতে আগামী অর্থবছরের মধ্যে ১০ থেকে ১২ হাজার পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। আগামী চার বছর ধরে এ কার্যক্রম চলবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, নারীদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। ফ্যামিলি কার্ডের পাশাপাশি কৃষকদের জন্য কৃষক কার্ডের ব্যবস্থাও করা হয়েছে।


লবণচাষিদের জন্য মূল্য নির্ধারণ
বাঁশখালীর লবণচাষিদের প্রসঙ্গে তারেক রহমান বলেন, আলোচনা করে লবণের মূল্য নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত মূল্য লবণচাষিদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে।


তিনি বলেন, আগামী কিছুদিনের মধ্যে নির্ধারিত দাম সবাইকে জানিয়ে দেওয়া হবে। এতে লবণচাষিদের আগের মতো লোকসান বা কষ্ট পোহাতে হবে না।


শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান
দেশে কর্মসংস্থান ও বিনিয়োগ বাড়াতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাজারে গন্ডগোল হলে দোকানপাট বন্ধ হয়ে যায়। একইভাবে বিনিয়োগকারীরাও চান, বন্দর থেকে নির্বিঘ্নে কাঁচামাল আনা-নেওয়া সম্ভব হোক।


তাই দেশের মানুষকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে চায়, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে হবে। বিভ্রান্তকারীরা সুযোগ পেলে শেষ পর্যন্ত জনগণই ক্ষতিগ্রস্ত হবে।


সমাবেশে বক্তব্য দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। স্বাগত বক্তব্য দেন মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আবদুল করিম।

শেয়ার করুনঃ
Advertisement