সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন হক আটক
Published : ১৫:৫৭, ৯ আগস্ট ২০২৬
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের অভিনয়শিল্পী ডন হককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার (৯ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পরে তাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ—সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে।
ডনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডি ঢাকা মেট্রোর (পশ্চিম) বিশেষ পুলিশ সুপার গোলাম বেনজির। তিনি বলেন, “আমরা ডনকে এনেছি। এ বিষয়ে বিস্তারিত পরে জানাব।”
সিআইডি সূত্রে জানা গেছে, ডন হক সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে দেশ ছাড়ার সময় বিমানবন্দরে তাকে আটক করা হয়।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের নিজ বাসায় মারা যান চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ। তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন ও জল্পনা রয়েছে। সালমান শাহর পরিবার শুরু থেকেই দাবি করে আসছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
সম্প্রতি সালমান শাহর মামা আলমগীর কুমকুম রমনা থানায় হত্যা মামলা করেন। মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, অভিনয়শিল্পী ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।
সালমান শাহর মা নীলা চৌধুরী দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন, তার ছেলের মৃত্যুর ঘটনায় পরিবার হত্যা মামলা করতে চাইলেও পুলিশ সেটিকে অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করেছিল। তবে পুলিশের বক্তব্য ছিল, অপমৃত্যুর মামলা তদন্তে হত্যার প্রমাণ পাওয়া গেলে সেটি স্বয়ংক্রিয়ভাবে হত্যা মামলায় রূপান্তরিত হবে।
নব্বইয়ের দশকের শুরুতে চলচ্চিত্রে অভিষেকের পর মাত্র চার বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন সালমান শাহ। অল্প সময়েই তিনি দর্শক ও সমালোচকদের কাছে ঢালিউডের অন্যতম জনপ্রিয় তারকা হিসেবে প্রতিষ্ঠিত হন।
































