সরকার ও জনগণের মধ্যে তথ্যের সেতুবন্ধনে পিআইডির ভূমিকা গুরুত্বপূর্ণ: তথ্য প্রতিমন্ত্রী

সরকার ও জনগণের মধ্যে তথ্যের সেতুবন্ধনে পিআইডির ভূমিকা গুরুত্বপূর্ণ: তথ্য প্রতিমন্ত্রী তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:৪৫, ৮ আগস্ট ২০২৬

সরকার ও জনগণের মধ্যে তথ্যের সেতুবন্ধন তৈরিতে তথ্য অধিদপ্তরের (পিআইডি) ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

তিনি বলেন, জনগণের কাছে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড, উন্নয়ন ও সেবার তথ্য পৌঁছে দেওয়ার পাশাপাশি দুর্যোগকালীন সময়ে জনসচেতনতা সৃষ্টি, প্রয়োজনীয় তথ্য প্রদান এবং সরকারের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে জনগণকে অবহিত করতে পিআইডি সার্বক্ষণিকভাবে কাজ করছে।

শনিবার (৮ আগস্ট) চট্টগ্রামের আঞ্চলিক তথ্য অফিস পরিদর্শনকালে সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, পিআইডির কাজের পরিধি প্রত্যাশার চেয়েও অনেক বিস্তৃত। তবে জনবল সংকটের কারণে অনেক ক্ষেত্রে কাজের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে। পিআইডির জনবল সংকট নিরসনে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

তিনি একই সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বাড়িয়ে বিদ্যমান জনবল ও সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

ইয়াসের খান চৌধুরী বলেন, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রমে যেখানে সমন্বয় ও সহযোগিতার সুযোগ রয়েছে, সেখানে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজের গতি বাড়ানো সম্ভব।

বিশেষ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা, ঘূর্ণিঝড়সহ প্রাকৃতিক দুর্যোগের সময় জনগণকে সচেতন ও অবহিত করতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘শুধু সংবাদ প্রচার বা তথ্য সরবরাহ নয়, দুর্যোগের সময় জনগণকে সচেতন করা এবং প্রয়োজনীয় নির্দেশনা পৌঁছে দেওয়াও তথ্য বিভাগের কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে আরও কার্যকর সমন্বয় গড়ে তুলতে হবে।’

পিআইডির কর্মকর্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, জনগণকে মানসম্মত সেবা দেওয়ার লক্ষ্যে চলমান কার্যক্রমগুলোকে আরও গতিশীল ও কার্যকর করতে হবে। সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে সর্বোচ্চ সেবা ও তথ্য জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।

মতবিনিময় সভায় চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য কর্মকর্তা বাপ্পী চক্রবর্তী চট্টগ্রাম পিআইডির কার্যক্রমের ওপর একটি তথ্যচিত্র উপস্থাপন করেন।

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ
Advertisement