একদিনে তিন শুটিং, নিশো-ফারিয়ার দেখা ঘিরে জমজমাট এফডিসি

একদিনে তিন শুটিং, নিশো-ফারিয়ার দেখা ঘিরে জমজমাট এফডিসি ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

Published : ১৮:২৩, ১০ আগস্ট ২০২৬

দীর্ঘদিন পর আবারও শুটিংয়ের ব্যস্ততায় সরগরম হয়ে উঠেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। শনিবার সেখানে একসঙ্গে চলেছে একাধিক শুটিং। এর মধ্যে আলাদা কাজে ব্যস্ত ছিলেন আফরান নিশো ও নুসরাত ফারিয়া। শুটিংয়ের ফাঁকে দীর্ঘদিন পর দেখা হয় এই দুই অভিনয়শিল্পীর।


এফডিসির ঝরনা স্পটে নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’-র শুটিংয়ে ব্যস্ত ছিলেন নুসরাত ফারিয়া। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই ওয়েব ফিল্মের মাধ্যমে বেশ কিছুদিন পর ক্যামেরার সামনে ফিরেছেন তিনি। এতে ফারিয়ার বিপরীতে অভিনয় করছেন রুশো শেখ।


শুটিংয়ের জন্য ঝরনা স্পটের ছোট পুকুরের ওপরের সেতুটি সাজানো হয়েছিল নানা রঙের কাপড় ও ফুল দিয়ে। সেখানেই একটি দৃশ্যের শুটিং হয় ফারিয়া ও রুশো শেখকে নিয়ে। দৃশ্যটির আবহে ব্যবহার করা হয় নব্বইয়ের দশকের জনপ্রিয় গান ‘এই বুকে বইছে যমুনা’। গানটি মূলত ‘প্রেমের তাজমহল’ সিনেমায় রিয়াজ ও শাবনূরের মাধ্যমে জনপ্রিয় হয়েছিল।


‘লাপাত্তা’য় ফারিয়া অভিনয় করছেন নায়িকার চরিত্রে। তাঁর সঙ্গে আরও রয়েছেন অভিনেতা নাসির উদ্দিন খান। নির্মাতা জানিয়েছেন, ওয়েব ফিল্মটিতে নাসির উদ্দিন খান তিনটি ভিন্ন চরিত্রে অভিনয় করছেন।


শুটিংয়ের ফাঁকে নুসরাত ফারিয়া বলেন, নতুন কাজের গল্প তাঁকে আকৃষ্ট করেছে। পছন্দের একটি চরিত্র নিয়ে আবার কাজে ফিরতে পেরে তিনি উচ্ছ্বসিত।


এদিকে এফডিসির অন্য প্রান্তে বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে ব্যস্ত ছিলেন আফরান নিশো। সেখানেই ফারিয়ার সঙ্গে তাঁর দেখা হয়। দুজনই একে অপরের কাজ ও সাম্প্রতিক ব্যস্ততার খোঁজ নেন।


নিশোর সঙ্গে কথা প্রসঙ্গে উঠে আসে তাঁর বড় পর্দার কাজের প্রসঙ্গও। অভিনেতা জানান, চলতি বছর তাঁকে আবারও সিনেমায় দেখা যেতে পারে। ‘সুড়ঙ্গ ২’ নিয়ে কাজের সম্ভাবনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে এ বছর তাঁর সিনেমার সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান তিনি। তবে এখনো সবকিছু চূড়ান্ত হয়নি।


এফডিসিতে সেদিন শুধু শুটিং নয়, পুরোনো দিনের স্মৃতিচারণেও মেতে ওঠেন চলচ্চিত্রের মানুষেরা। পরিচালক বাদল খন্দকারের সঙ্গে আড্ডায় উঠে আসে বাংলাদেশের চলচ্চিত্রের বিভিন্ন সময়ের গল্প। আলোচনায় আসে এহতেশাম, মনতাজুর রহমান আকবর, সালমান শাহ, শাকিব খানসহ বিভিন্ন সময়ের নির্মাতা ও শিল্পীদের প্রসঙ্গ।


একই দিনে এফডিসিতে চলেছে আরও একটি সিনেমার গানের শুটিংয়ের প্রস্তুতি। সব মিলিয়ে ঝরনা স্পট, ক্যানটিন, রূপসজ্জা কক্ষ ও পরিচালক সমিতির বারান্দাজুড়ে ছিল শুটিং ও আড্ডার ব্যস্ততা।


দীর্ঘদিন পর এফডিসির এমন কর্মচাঞ্চল্য চলচ্চিত্রসংশ্লিষ্টদের মধ্যেও তৈরি করেছে স্বস্তির অনুভূতি। নতুন কাজের প্রস্তুতি, তারকাদের দেখা-সাক্ষাৎ এবং পুরোনো দিনের স্মৃতিচারণ—সব মিলিয়ে শনিবারের এফডিসি যেন ফিরে পেয়েছিল তার পরিচিত চেহারা।

শেয়ার করুনঃ
Advertisement