উশু ফেডারেশনের ৯৩ ক্লাব পেল নিবন্ধন সনদ

উশু ফেডারেশনের ৯৩ ক্লাব পেল নিবন্ধন সনদ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:০৪, ১২ আগস্ট ২০২৬

বাংলাদেশ উশু ফেডারেশনের ৯৩টি নিবন্ধিত ক্লাবকে নিবন্ধন সনদপত্র প্রদান করা হয়েছে। একই সঙ্গে ফেডারেশনের নবসজ্জিত অফিস কক্ষের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে বাংলাদেশ উশু ফেডারেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এসব কার্যক্রম সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান। বাংলাদেশ উশু ফেডারেশনের সভাপতি সাইফুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলু।

এ ছাড়া বক্তব্য দেন ফেডারেশনের সহসভাপতি এস এম শহিদুল হক ভূঁইয়া ও কোষাধ্যক্ষ হাবিবুর রহমান সিদ্দিকী রুবেল।

প্রধান অতিথির বক্তব্যে মো. দৌলতুজ্জামান খান দেশে উশু খেলার অগ্রগতি এবং তৃণমূল পর্যায়ে খেলাটির বিস্তারে নিবন্ধিত ক্লাবগুলোর ভূমিকার প্রশংসা করেন।

তিনি বলেন, সুশৃঙ্খল ও কার্যকর ক্লাব ব্যবস্থাপনার মাধ্যমে দেশের উশু অঙ্গন আরও শক্তিশালী হবে। পাশাপাশি আন্তর্জাতিক ক্রীড়ামঞ্চে বাংলাদেশের সাফল্য অর্জনের পথও আরও সুগম হবে।

সভাপতির বক্তব্যে সাইফুল ইসলাম ভূঁইয়া বলেন, ৯৩টি নিবন্ধিত ক্লাবকে আনুষ্ঠানিকভাবে সনদ প্রদান উশু ফেডারেশনের সাংগঠনিক কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দেশের সব ক্লাবকে উশু খেলার উন্নয়ন ও সম্প্রসারণে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন নিবন্ধিত ক্লাবের প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন সনদপত্র তুলে দেওয়া হয়। একই সঙ্গে ফেডারেশনের নবসজ্জিত অফিস কক্ষের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে ফেডারেশনের কর্মকর্তা, বিভিন্ন জেলা ও ক্লাবের প্রতিনিধি, ক্রীড়া সংগঠক এবং উশু অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উশু ফেডারেশন আশা করছে, নিবন্ধিত ক্লাবগুলোর সমন্বিত প্রচেষ্টা এবং নতুন প্রশাসনিক পরিবেশের মাধ্যমে দেশে মানসম্পন্ন খেলোয়াড় তৈরির ধারা আরও গতিশীল হবে। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনতেও এসব উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে।

শেয়ার করুনঃ
Advertisement