প্রযুক্তির নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের দক্ষ করে তুলতে হবে: তথ্যমন্ত্রী
Published : ১৮:০১, ১২ আগস্ট ২০২৬
দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির যুগে তরুণ সমাজই নতুন সভ্যতার মূল চালিকাশক্তি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)সহ নতুন প্রযুক্তিনির্ভর ইকোসিস্টেমে প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। পুরোনো দিনের জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করা কঠিন। তাই তরুণদের হাতে সঠিক জ্ঞান ও দক্ষতা তুলে দেওয়া প্রতিটি রাষ্ট্রের দায়িত্ব।
বুধবার (১২ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘আন্তর্জাতিক যুব দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের এবারের প্রতিপাদ্য ছিল—‘২০২৬- ডিফরেন্ট কনটেক্সটস, কমন অ্যাসপিরেশনস’। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
তথ্যমন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ প্রযুক্তির অভাবনীয় অগ্রগতি মানব সভ্যতার জন্য যেমন বড় আশীর্বাদ, তেমনি এর মাধ্যমে তৈরি হচ্ছে নতুন ধরনের চ্যালেঞ্জ। প্রযুক্তি ও জ্ঞানের বিবর্তন এত দ্রুত হচ্ছে যে আগামী দিনের পরিস্থিতি কী হবে, তা আগে থেকে অনুমান করা কঠিন।
তিনি বলেন, জ্ঞান এখন আর নির্দিষ্ট বা স্থির কোনো বিষয় নয়; এটি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। নতুন প্রযুক্তিনির্ভর পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতা তরুণ প্রজন্মের মধ্যেই সবচেয়ে বেশি।
তরুণদের দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, কর্মসংস্থান, খাদ্য নিরাপত্তা, প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের মতো পুরোনো সমস্যার সঙ্গে প্রযুক্তিনির্ভর নতুন সংকটও যুক্ত হচ্ছে।
তিনি আরও বলেন, তরুণদের নতুন প্রযুক্তি ও জ্ঞান অর্জনের জন্য উপযুক্ত প্রাতিষ্ঠানিক ব্যবস্থা এখনো বিশ্বব্যাপী পুরোপুরি গড়ে ওঠেনি। জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে তরুণদের কেন্দ্র করে জ্ঞান ও দক্ষতা অর্জনের প্রক্রিয়ায় আরও বেশি গুরুত্ব দিতে হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, তরুণদের সক্ষমতার ওপর সরকারের পূর্ণ আস্থা রয়েছে। ক্রীড়ার প্রসার, সৃজনশীলতার বিকাশ এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের মতো আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের সম্পৃক্ত করতে সরকার বিভিন্ন ইতিবাচক ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ নিচ্ছে।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা, বিদেশি অতিথি, ফরেন সার্ভিস একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তা, তরুণ উদ্যোক্তা, শিক্ষার্থী ও বিভিন্ন পেশার যুব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
































