ইউএসএস আব্রাহাম লিংকনে নৌসদস্যদের সংঘর্ষে ৭ নিহতের দাবি
Published : ১৬:০৪, ১২ আগস্ট ২০২৬
মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে নৌবাহিনীর সদস্যদের মধ্যে সহিংস সংঘর্ষে সাতজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি।
তাসনিমের প্রতিবেদনে একটি সামরিক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, দীর্ঘ সময় ধরে রণতরী মোতায়েন এবং ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেওয়া নিয়ে নাবিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। নাবিকদের পরিবারের পক্ষ থেকেও দীর্ঘমেয়াদি মোতায়েন নিয়ে প্রতিবাদ জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, নাবিকদের অভিযোগ ও অসন্তোষ নিয়ে কথা বলতে ইউএস সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান ব্র্যাড কুপারের একজন উপদেষ্টা রণতরীতে ওঠেন। কর্মীদের এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় নাবিকেরা তাঁকে ধিক্কার জানান এবং তাঁর দিকে পানির বোতল ছুড়ে মারেন বলে দাবি করা হয়েছে।
এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে নাবিকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে ছুরি ও অন্যান্য ধারালো অস্ত্র ব্যবহার করে মারামারি হয় বলে জানিয়েছে তাসনিম। এতে সাতজন নিহত এবং আরও কয়েকজন আহত হন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
তাসনিমের দাবি, বর্তমানে ইউএসএস আব্রাহাম লিংকনের ভেতরের পরিস্থিতি উত্তেজনাপূর্ণ ও অস্থির।
২৬৩ দিন ধরে মোতায়েন রণতরী
তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, ইউএসএস আব্রাহাম লিংকন টানা ২৬৩ দিন ধরে মোতায়েন রয়েছে এবং বর্তমানে ভারত মহাসাগরে অবস্থান করছে। রণতরীটির অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ কার্যকরের কথা উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, জুলাইয়ে ওমানে স্বল্প সময়ের বিরতি ছাড়া রণতরীটি টানা ২০৮ দিন সমুদ্রে অবস্থান করেছে। তাসনিমের দাবি, আধুনিক সময়ে কোনো মার্কিন বিমানবাহী রণতরীর জন্য এটি অন্যতম দীর্ঘ একটানা মোতায়েন।
তবে নৌবাহিনীর সাত সদস্য নিহত হওয়ার এই দাবির বিষয়ে মার্কিন কর্তৃপক্ষের কোনো বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। ফলে
নিহতের সংখ্যা ও সংঘর্ষের ঘটনাটি স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
































