পূর্বঘোষণা ছাড়াই কুমিল্লায় গ্যাস সরবরাহ বন্ধ

পূর্বঘোষণা ছাড়াই কুমিল্লায় গ্যাস সরবরাহ বন্ধ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:৪৪, ১২ আগস্ট ২০২৬

পূর্বঘোষণা ছাড়াই কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে রান্নাবান্না করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার পর থেকে গ্যাসের চাপ একেবারে কমে যায়। একপর্যায়ে বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে কর্মজীবী পরিবারসহ দুপুরের খাবার রান্না করতে যাওয়া মানুষজন বিপাকে পড়েন।

নগরীর কাটাবিল, হযরতপাড়া, নুরপুর, হাউজিং এস্টেট, বারপাড়া, রাজগঞ্জ, চকবাজার, ছাতিপট্টি, মনোহরপুর, টমছমব্রিজ, বলরামপুর ও সুজানগরসহ বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ না থাকার কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, সাধারণত গ্যাস সরবরাহ বন্ধ রাখার প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাইকিং, বিজ্ঞপ্তি কিংবা অন্য কোনো মাধ্যমে আগে থেকেই গ্রাহকদের জানিয়ে থাকে। কিন্তু বুধবার কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বিকল্প ব্যবস্থা নেওয়ার সুযোগ পাননি অনেকেই।

ঢুলিপাড়া এলাকার বাসিন্দা রফিক বলেন, সকালে কিছুক্ষণ চুলায় গ্যাসের আগুন জ্বললেও সকাল ১০টার পর থেকে একেবারেই গ্যাস পাওয়া যাচ্ছে না। এতে রান্না করা সম্ভব হচ্ছে না।

হাউজিং এস্টেট জামে মসজিদের ইমাম হাসান বলেন, সকাল থেকেই এলাকায় গ্যাস নেই। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকেও কোনো পূর্বঘোষণা দেওয়া হয়নি। কখন গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে, সেটিও জানা যাচ্ছে না।

বলরামপুর এলাকার বাসিন্দা ফরিদা আক্তার পান্না বলেন, গ্যাস কখনো এলেও খুব অল্প সময়ের জন্য আসে। অথচ প্রতি মাসে নিয়মিত গ্যাসের বিল দিতে হচ্ছে। গ্যাস ব্যবহার করতে না পারলেও বিল দিতে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

মহেশখালীর জটিলতায় সরবরাহ বন্ধ

গ্যাস সরবরাহ বন্ধের বিষয়ে কুমিল্লার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ইঞ্জিনিয়ারিং সার্ভিস ডিপার্টমেন্টের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ছগীর আহমেদ বলেন, মহেশখালীতে গ্যাসসংক্রান্ত জটিলতার কারণে সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

তবে মহেশখালী কর্তৃপক্ষ তাদের বিস্তারিত কোনো কারণ জানায়নি বলে জানান তিনি।

গ্যাস সরবরাহ কখন স্বাভাবিক হবে, তা এখনই বলা যাচ্ছে না বলেও জানান ডিজিএম। তাঁর ভাষ্য, হঠাৎ করে সরবরাহ বন্ধ করা হয়েছে, তাঁরাও আগে থেকে বিষয়টি জানতেন না। শুধু কুমিল্লা শহর নয়, আরও অনেক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement