কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহ শুরু উত্তরপ্রদেশে, প্রতি লিটারে মিলবে ২০ রুপি

কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহ শুরু উত্তরপ্রদেশে, প্রতি লিটারে মিলবে ২০ রুপি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:৪৮, ১২ আগস্ট ২০২৬

ভারতের উত্তরপ্রদেশে কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহের পাইলট প্রকল্প শুরু করেছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার। রাজ্যের বুলন্দশহর থেকে শুরু হওয়া এ উদ্যোগের মাধ্যমে কৃষকদের আয় বাড়ানোর পাশাপাশি দুধ দেওয়া বন্ধ করা গাভীর রক্ষণাবেক্ষণ সহজ করার আশা করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সিয়ানা তহসিলের নরসাইনা গ্রামে একটি কৃষক উৎপাদক সংস্থার (এফপিও) মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। বুলন্দশহরের ১৫টি গ্রাম নিয়ে শুরু হওয়া প্রকল্পে বর্তমানে প্রতিদিন প্রায় ৫০০ লিটার গোমূত্র সংগ্রহ করা হচ্ছে।

গোমূত্র সংরক্ষণের জন্য বিভিন্ন গ্রামে ২০০ লিটার ধারণক্ষমতার বিশেষ ট্যাংক স্থাপন করা হয়েছে। বর্তমানে প্রায় ৩০০ জন নারী শেয়ারহোল্ডার হিসেবে এ কার্যক্রমে যুক্ত রয়েছেন।

প্রকল্পে যুক্ত নারীদের সংগৃহীত গোমূত্রের জন্য প্রতি লিটারে ২ রুপি কমিশন দেওয়া হচ্ছে। ভবিষ্যতে কৃষকদের কাছ থেকে প্রতি লিটার ২০ রুপি দরে গোমূত্র কেনার পরিকল্পনা রয়েছে উত্তরপ্রদেশ সরকারের।

সংগৃহীত গোমূত্র জৈব কৃষিকাজে রাসায়নিক সারের বিকল্প হিসেবে ব্যবহারের লক্ষ্য নেওয়া হয়েছে। পাইলট প্রকল্পটি সফল হলে পুরো রাজ্যে আনুষ্ঠানিক নীতি প্রণয়ন করে এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

বিরোধীদের সমালোচনা

এদিকে সরকারের এই উদ্যোগের কঠোর সমালোচনা করেছে উত্তরপ্রদেশের প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি। দলের মুখপাত্র মোহাম্মদ আজম খান প্রকল্পটিকে ‘কেলেঙ্কারি’ হিসেবে আখ্যা দিয়ে অভিযোগ করেন, আসন্ন নির্বাচনের তহবিল সংগ্রহের উদ্দেশ্যেই বিজেপি সরকার এমন উদ্যোগ নিয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, বর্তমানে রাজ্যের গোশালা ও গবাদিপশু—কোনোটিই নিরাপদ নয়।

তবে বিরোধী দলের অভিযোগকে ভিত্তিহীন দাবি করে পাল্টা জবাব দিয়েছেন বিজেপির মুখপাত্র হিরো বাজপাই। তাঁর দাবি, সমাজবাদী পার্টি প্রতিটি জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক প্রকল্পের মধ্যেই রাজনৈতিক স্বার্থ খোঁজে।

শেয়ার করুনঃ
Advertisement