সর্বোচ্চ ভোটের ব্যবধানে বিজয়ী বিএনপির দীপেন দেওয়ান

সর্বোচ্চ ভোটের ব্যবধানে বিজয়ী বিএনপির দীপেন দেওয়ান ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০০:১৫, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন দেশের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটি আসনের বিএনপি প্রার্থী দীপেন দেওয়ান।

তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১ লাখ ৭০ হাজার ৭০২ ভোট বেশি পেয়ে বিজয় নিশ্চিত করেন, যা এবারের নির্বাচনে বিএনপির মধ্যে সর্বোচ্চ ব্যবধান।

ফলাফলে দেখা যায়, দীপেন দেওয়ান পেয়েছেন ২ লাখ ১ হাজার ৮৪৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা পেয়েছেন ৩১ হাজার ১৪২ ভোট।

রাঙ্গামাটি আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৫ লাখ ৯ হাজার ২৬৭ জন। এর মধ্যে মোট ভোট পড়েছে ২ লাখ ৬৩ হাজার ৮৬৬টি। বাতিলকৃত ভোটের সংখ্যা ছিল ১০ হাজার ১৫২ এবং বৈধ ভোটের সংখ্যা দাঁড়ায় ২ লাখ ৭৪ হাজার ১৮। এবারের নির্বাচনে প্রায় ৫৪ দশমিক ৭ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

দলীয় সূত্র জানায়, দীপেন দেওয়ান গত প্রায় ২০ বছর ধরে রাঙ্গামাটি জেলা বিএনপির অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ২০০৫ সালে তিনি যুগ্ম জেলা জজের চাকরি ছেড়ে বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া–এর আহ্বানে সাড়া দিয়ে সক্রিয় রাজনীতিতে যোগ দেন। তবে দেশের রাজনৈতিক টানাপোড়েন ও ওয়ান-ইলেভেন পরিস্থিতির কারণে তখন নির্বাচন না হওয়ায় তাঁর রাজনৈতিক পথচলা থমকে যায়। দীর্ঘ দুঃসময়ে দলের হাল না ছেড়ে অবিচল থাকার পর অবশেষে সংসদের টিকিট পান দীপেন দেওয়ান।

উল্লেখ্য, দীপেন দেওয়ানের প্রয়াত পিতা সুবিমল দেওয়ান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর ট্রাইবাল অ্যাফেয়ার্স বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এই পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য বহন করেই দীপেন দেওয়ান দীর্ঘদিন ধরে পাহাড়ি অঞ্চলে বিএনপির রাজনীতি সংগঠিত করে আসছেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement