স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, ৯৯৯-এ ফোন করে স্ত্রীর আত্মসমর্পণ
Published : ১৮:৫৭, ৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর সবুজবাগে স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে পরে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী রেহেনা আক্তারের (৪০) বিরুদ্ধে। হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে নিজের অপরাধের কথা জানান তিনি। পরে ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
৯৯৯-এ ফোন করে হত্যার কথা জানান
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সবুজবাগ থানার নন্দীপাড়া বড় মসজিদ এলাকা থেকে ৯৯৯ নম্বরে ফোন করেন রেহেনা আক্তার। ফোনে তিনি জানান, আগের রাতে স্বামী মাহফুজুর রহমানকে (৪০) ঘুমের ওষুধ খাইয়ে ঘুমন্ত অবস্থায় ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছেন।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ
আনোয়ার সাত্তার জানান, রেহেনার কলটি গ্রহণ করেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল আরিফ হোসেন। পরে বিষয়টি সংশ্লিষ্ট থানার সঙ্গে তদারক ও সমন্বয় করেন ৯৯৯-এর পুলিশ ডিসপাচার এসআই আওলাদ হোসেন।
কল পাওয়ার পরপরই বিষয়টি সবুজবাগ থানাকে জানানো হয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে রেহেনা আক্তারকে গ্রেপ্তার করে।
পারিবারিক বিরোধের কথা জানিয়েছে পুলিশ
প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহ এবং স্বামীর অন্য নারীর সঙ্গে পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে ক্ষুব্ধ ছিলেন রেহেনা। এর জেরেই তিনি স্বামীকে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
































