ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তানিয়া বৃষ্টি
Published : ১৮:০২, ৩ সেপ্টেম্বর ২০২৬
ছোট পর্দা, ওটিটি এবং চলচ্চিত্র—সব মাধ্যমেই সাবলীল অভিনয়ে দর্শকদের মুগ্ধ করে চলা জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি এক দীর্ঘ ও কঠিন লড়াই শেষে আবারও ঘুরে দাঁড়ানোর পথে। ব্রেন টিউমারের মতো মারাত্মক রোগের সঙ্গে লড়াই করে তিনি এখন সুস্থতার পথে রয়েছেন এবং খুব শীঘ্রই কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।
গত বছরের ফেব্রুয়ারিতে এই জনপ্রিয় অভিনেত্রীর ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার খবর সামনে আসে। এরপর ১৫ ফেব্রুয়ারি দেশের একটি বেসরকারি হাসপাতালে তাঁর প্রথম সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়, যেখানে তাঁর দ্বিতীয় ও পরবর্তীতে তৃতীয় সার্জারি সফলভাবে সম্পন্ন হয়।
অসুস্থতার ওই দিনগুলোতেও ভক্তদের মনে আশার আলো জ্বেলে রেখেছিলেন তানিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে হাসপাতালের ট্যাগযুক্ত ছবি দিয়ে ইতিবাচক ভঙ্গিতে তিনি লিখেছিলেন, ‘তৃতীয় সার্জারি। জীবন সুন্দর তানিয়া।’
কয়েক মাসের সেই কঠিন যুদ্ধ শেষে একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তানিয়া বৃষ্টি এখন আগের চেয়ে অনেক ভালো ও সুস্থ আছেন। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই তিনি লাইট-ক্যামেরা-অ্যাকশনের চেনা জগতে ফিরবেন। অসুস্থতার কারণে কিছুদিন ক্যামেরার সামনে থেকে দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বেশ সক্রিয় ছিলেন এবং নিজের পুরোনো নাটকগুলোর প্রচারণা চালিয়ে গেছেন।
কাজে ফেরার এই নতুন অধ্যায়ে তাঁর হাতে রয়েছে নির্মাতা রায়হান খান পরিচালিত ‘ট্রাইব্যুনাল’ নামের একটি নতুন সিনেমা। এই চলচ্চিত্রে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তারিক আনাম খান, সাবেরী আলম, নুসরাত ফারিয়া, মৌসুমী হামিদ ও আদর আজাদের মতো একঝাঁক তারকা শিল্পী।

































