মাদারীপুরে শিশু বাঁচাতে গিয়ে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবল নিহত, আহত ১০
Published : ১৭:২২, ৩ সেপ্টেম্বর ২০২৬
মাদারীপুর সদর উপজেলার মঠেরবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় পুলিশের একটি গাড়ি উল্টে এক কনস্টেবল নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় পুলিশের চার সদস্যসহ মোট ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, দুপুর আড়াইটার দিকে আড়িয়াল খাল সংলগ্ন এলাকায় পুলিশের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। প্রাথমিকভাবে জানা গেছে, রাস্তা পার হওয়া এক পথচারী শিশুকে বাঁচানোর চেষ্টা করতেই চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, যার ফলে গাড়িটি উল্টে যায়।
দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় চার পুলিশ সদস্যসহ ১০ জনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। নিহত কনস্টেবল ও আহত পথচারীদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি। অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, এ ঘটনায় অন্য কোনো গাড়ির সম্পৃক্ততা ছিল কি না, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত চালাচ্ছে।
































