ইরানে বিয়েবাড়িতে মার্কিন হামলা ‘স্পষ্ট যুদ্ধাপরাধ’: তেহরান

ইরানে বিয়েবাড়িতে মার্কিন হামলা ‘স্পষ্ট যুদ্ধাপরাধ’: তেহরান ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:৪২, ৩ সেপ্টেম্বর ২০২৬

ইরানের হরমোজগান প্রদেশে একটি বিয়েবাড়িতে চালানো সাম্প্রতিক মার্কিন হামলাকে ‘স্পষ্ট যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইরান। জাতিসংঘে নিযুক্ত দেশটির উপ-স্থায়ী প্রতিনিধি গোলাম হোসেন দারজি জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে এই অভিযোগ তুলে ধরেন। মেহের নিউজ এজেন্সির খবরে এ তথ্য জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ১ সেপ্টেম্বর সন্ধ্যায় ইরানের দক্ষিণাঞ্চলীয় শহরগুলোতে নতুন দফায় সামরিক আগ্রাসন চালায় যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে হরমোজগানের সিরিক উপজেলার কুহেস্তাক শহরে একটি আবাসিক বাড়িতে চলা বিয়েবাড়ির অনুষ্ঠানে সুনির্দিষ্টভাবে হামলা চালানো হয়। এই পৈশাচিক হামলায় চার বছর বয়সী এক শিশুসহ চারজন বেসামরিক নাগরিক নিহত এবং ৭০ জনেরও বেশি মানুষ আহত হন।

জাতিসংঘের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, বেসামরিক লোকজনের ওপর এ ধরনের হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন এবং এটি স্পষ্টতই একটি যুদ্ধাপরাধ। জাতিসংঘের সনদ অনুযায়ী আত্মরক্ষার জন্মগত অধিকার প্রয়োগ করে এই আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন ও ইসরায়েলি যৌথ আগ্রাসনের দীর্ঘ চিত্রও চিঠিতে তুলে ধরা হয়। সেখানে জানানো হয়, সংঘাতের শুরুতে হরমোজগানের মিনাব এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়ে চালানো মার্কিন হামলায় ৭ থেকে ১২ বছর বয়সী ১৬৮ জনের বেশি ছাত্রী এবং শিক্ষক-কর্মচারী নিহত হয়েছিলেন। হাসপাতাল, স্কুল, সেতু ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে চালানো এসব হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী।

জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সংঘটিত এসব অপরাধের জন্য যুক্তরাষ্ট্রকে সম্পূর্ণ দায় নিতে হবে এবং এর ক্ষতিপূরণ দিতে হবে বলে দাবি জানিয়েছে ইরান। পাশাপাশি, অবিলম্বে এসব হামলার নিন্দা জানিয়ে নিরাপত্তা পরিষদকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement