ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সড়ক দুর্ঘটনা: ওভারপাস থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সড়ক দুর্ঘটনা: ওভারপাস থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

Published : ১২:১৬, ২০ জুন ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি এলাকায় একটি প্রাইভেটকারের ধাক্কায় সিএনজি অটোরিকশা দুর্ঘটনায় পড়ে ওভারপাস থেকে ছিটকে নিচে পড়ে সিনথিয়া রহমান হুমাইয়া নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সিএনজি চালকসহ আরও চারজন আহত হয়েছেন।

শুক্রবার রাতে জালকুড়ি ওভারপাসে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন নিহত শিশুর বাবা আশিকুর রহমান শামীম, মা সানজিদা, ছোট ভাই আয়মান এবং সিএনজি চালক। তারা মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, চাষাড়া থেকে সাইনবোর্ডগামী একটি সিএনজিকে ওভারটেক করার সময় একটি প্রাইভেটকার সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার সময় সিএনজিতে থাকা শিশুটি দরজা ভেঙে ওভারপাস থেকে নিচে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। এছাড়া সিএনজিতে থাকা অন্য যাত্রীরা গুরুতর আহত হন।

ঘটনার পর স্থানীয় লোকজন প্রাইভেটকারে থাকা দুই ব্যক্তিকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান জানান, প্রাইভেটকারের ধাক্কায় সিএনজি উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে সিএনজি ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে এবং দুইজনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুনঃ
Advertisement