বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির-ছাত্রদলের সংঘর্ষ
Published : ১২:১১, ৫ আগস্ট ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতিও রয়েছেন বলে দাবি করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের ভিসি গেটের বিপরীতে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ছাত্রশিবির মিছিল বের করলে ছাত্রদলের নেতাকর্মীরা কর্মসূচিতে বহিরাগতদের অংশগ্রহণের অভিযোগ তুলে মিছিল বন্ধ করার দাবি জানান। এ নিয়ে প্রথমে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। পরে পরিস্থিতি হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি জাকারিয়া ইসলাম বাবু অভিযোগ করে বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে এবং উপাচার্য ও প্রক্টরের সামনেই এ ঘটনা ঘটেছে।
অন্যদিকে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্ত দাবি করেন, ছাত্রশিবির তাদের কর্মসূচিতে বহিরাগতদের নিয়ে এসেছিল এবং তারাই ছাত্রদলের নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা চালায়। তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বুধবার বেলা সাড়ে ১১টা) বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। প্রশাসনের বক্তব্য পাওয়া গেলে তা সংযোজন করা হবে।

































