নারায়ণগঞ্জে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ৮

নারায়ণগঞ্জে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ৮ নারায়ণগঞ্জে ছাত্রশিবির-ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষ। ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি নিউজ , নারায়ণগঞ্জ

Published : ১৬:৩৭, ৫ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ একপর্যায়ে ধাওয়া–পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন।

বুধবার (৫ আগস্ট) দুপুরে কলেজ ক্যাম্পাস ও কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আহতদের মধ্যে ছাত্রদলের তুহিন, সাব্বির, তোফায়েল, আকাশ ও রহিম এবং ছাত্রশিবিরের এমদাদুল হক শুভ, তামিম ইসলাম ও তরিকুল ইসলামের নাম জানা গেছে। অন্য আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলেজে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের নেতাকর্মীরা ইটপাটকেল, লাঠিসোঁটা ও রড নিয়ে ধাওয়া–পাল্টাধাওয়ায় জড়িয়ে পড়েন। এতে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য কলেজ রোডে যান চলাচল ব্যাহত হয়।

ঘটনার জন্য উভয় পক্ষই একে অপরকে দায়ী করেছে।

ছাত্রদলের দাবি, কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে বক্তব্য দেওয়ার কথা ছিল। তবে ছাত্রশিবিরের নেতাকর্মীরা জোরপূর্বক বক্তব্য দেওয়ার চেষ্টা করলে উত্তেজনার সৃষ্টি হয় এবং পরে তারা ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালায়।

অন্যদিকে ছাত্রশিবিরের দাবি, তাদের নেতাদের বক্তব্য দিতে বাধা দেওয়া হয়। পরে বক্তব্য দেওয়ার চেষ্টা করলে ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালায়, যাতে তাদের কয়েকজন আহত হন।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান বলেন, বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ
Advertisement