চলনবিলে নৌকার লগির সঙ্গে বৈদ্যুতিক তারের স্পর্শ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু
Published : ১২:১৯, ১৭ আগস্ট ২০২৬
নাটোরের সিংড়ায় চলনবিলে নৌকার বাঁশের লগির সঙ্গে বৈদ্যুতিক তারের স্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফরহাদ আলী নামে এক কৃষক ও খড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সকালে উপজেলার ডাহিয়া ইউনিয়নের শহরবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরহাদ আলী একই উপজেলার কাউয়াটিকড়ী গ্রামের আতাহার আলীর ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি খড়ের ব্যবসা করতেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ও নিহতের পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, ফরহাদ আলী চলনবিলের শহরবাড়ী এলাকা থেকে বোরো ধানের খড় কিনে নৌকাযোগে নিজ গ্রামের দিকে ফিরছিলেন।
নৌকাটি চলনবিলের ওপর দিয়ে টানা বৈদ্যুতিক তারের নিচ দিয়ে যাওয়ার সময় হাতে থাকা বাঁশের লগির সঙ্গে বিদ্যুতের তারের স্পর্শ ঘটে। এতে মুহূর্তেই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই ফরহাদ আলীর মৃত্যু হয়।
পরে নৌকায় থাকা মাঝিসহ অন্যরা নৌকাযোগে ফরহাদ আলীর মরদেহ তার গ্রামের বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত শুরু করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলমান রয়েছে।
পুলিশ জানায়, বর্ষা মৌসুমে চলনবিলের বিভিন্ন এলাকার মানুষ নৌকায় করে সংরক্ষিত বোরো ধানের খড় এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যান। এ সময় বিলের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের কারণে দুর্ঘটনার ঝুঁকি থাকে। তাই নৌকায় চলাচলের সময় সবাইকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে পুলিশ।



































